নিউইয়র্কের স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ বেচাকেনা হচ্ছে ১ হাজার ৩৫৫ ডলারে। চলতি বছর স্পট মার্কেটে মূল্যবান ধাতুটির দাম আরো বাড়তে পারে। বছর শেষে প্রতি আউন্স স্বর্ণের দাম ১ হাজার ৫০০ ডলার ছাড়িয়ে যেতে পারে।
২০১৭ সালের ডিসেম্বরের দ্বিতীয় সপ্তাহে নিউইয়র্কের স্পট মার্কেটে প্রতি আউন্স স্বর্ণ ১ হাজার ২৪২ ডলারে বেচাকেনা হয়েছিল। এরপর স্বর্ণের বাজারে বড় মূল্যবৃদ্ধি দেখা যায়। চলতি বছরের শুরুতে পণ্যটির দাম আউন্সপ্রতি ১ হাজার ৩৬০ ডলার ছুঁয়ে যায়, যা ২০১৬ সালের আগস্টের পর সর্বোচ্চ। দাম বৃদ্ধির ধারাবাহিকতায় ২০১৮ সালের শেষ নাগাদ প্রতি আউন্স স্বর্ণের স্পটমূল্য ১ হাজার ১৫০ ডলার ছাড়িয়ে যাওয়ার জোরালো সম্ভাবনা রয়েছে।
আগামী দিনগুলোয় আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়ার পেছনে মার্কিন কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ বড় ভূমিকা রাখবে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। প্রতিষ্ঠানটির বর্তমান প্রধান জেনেট ইয়েলিনের স্থলাভিষিক্ত হচ্ছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের পছন্দের ব্যক্তি জেরমি পাওয়েল। সুদহারের বিষয়ে তিনি ইয়েলিনের চেয়ে কট্টর হিসেবে পরিচিত। ফলে তার আমলে ফেডের সুদহার বর্তমানের তুলনায় বাড়তে পারে। আর এমনটা হলে আন্তর্জাতিক বাজারে স্বর্ণের দাম বাড়বে।
একই সঙ্গে বছরজুড়ে ভূরাজনৈতিক কারণ স্বর্ণের বাজারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মনে করছে প্রতিষ্ঠানটি। প্রতিবেদনের তথ্য অনুযায়ী, মধ্যপ্রাচ্য সংকট, ইরান ও উত্তর কোরিয়ার সঙ্গে যুক্তরাষ্ট্রের বিরোধের জের ধরে ডলারের মান আগের তুলনায় দুর্বল হয়েছে। এ প্রবণতা দীর্ঘমেয়াদে অব্যাহত থাকলে চলতি বছর আন্তর্জাতিক বাজারে স্বর্ণের মূল্যবৃদ্ধির লাগাম টানা কঠিন হয়ে পড়বে।
