আফ্রিদির ছোঁয়ায় জয় পেল ঢাকা




শহীদ আফ্রিদির ছোঁয়ায় ঢাকা ডায়নামাইটস হেসেখেলে হারালো বিপিএলের শীর্ষ দল সিলেট সিক্সার্সকে। নাসির হোসেনের দলকে তারা টানা দ্বিতীয় হারের হতাশায় ডুবালো পাকিস্তানি অলরাউন্ডারের নৈপুণ্যে। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে শনিবার সন্ধ্যার ম্যাচে ৮ উইকেটে দ্বিতীয় জয় পেলো ঢাকা।

নিজ মাঠে টানা তিন জয়ের পর খুলনা টাইটানসের কাছে হেরে সিলেট পর্ব শেষ করেছিল সিলেট সিক্সার্স। বিপিএলের দ্বিতীয় পর্ব খেলতে ঢাকায় এসে আরও ছন্নছাড়া নাসিররা। ঢাকার দুই বিদেশি স্পিনারের স্পিনে ভোগার পর আবুল হাসান ও তাইজুল ইসলাম প্রতিরোধ না গড়লে বড় ধরনের ব্যাটিং লজ্জা পেতে হতো সিলেটকে। মাত্র ৫৩ রানে ৯ উইকেট হারানোর পর শেষ জুটিতে ১০০ রান পার করে সিলেট। ৯ উইকেটে তারা করে ১০১ রান। আফ্রিদি ও এভিন লুইসের ব্যাটিং ঝড়ে মাত্র ৭.৫ ওভারে লক্ষ্য পূরণ করে ঢাকা। ২ উইকেটে চ্যাম্পিয়নরা করে ১০৬ রান।

টানা দুই হারের পরও শীর্ষে আছে সিলেট। ৫ ম্যাচে ৬ পয়েন্ট তাদের। ঢাকা ৪ পয়েন্ট পেয়ে দুই নম্বরে, কেবল ৩ ম্যাচ খেলেছে চ্যাম্পিয়নরা।

শনিবার টস জিতে ফিল্ডিং নেন ঢাকার অধিনায়ক সাকিব আল হাসান। শুক্রবার দলে যোগ দেওয়া আফ্রিদি জায়গা পান কুমার সাঙ্গাকারার বদলে। তার ঘূর্ণিতে নাকাল হয় সিলেটের ব্যাটসম্যানরা। পাকিস্তানি অলরাউন্ডার ৪ ওভার বল করে মাত্র ১২ রান দিয়ে নেন ৪টি উইকেট। নাসির হোসেন, ওয়ানিন্দু হাসারাঙ্গা, নুরুল হাসান ও টিম ব্রেসনানকে আউট করেন আফ্রিদি। মাঝে তার সঙ্গে যোগ দেন সুনিল নারিন।

অবশ্য সিলেটের ভোগান্তি শুরু হয় আবু হায়দারের বলে। মাত্র ২ বল খেলে দ্বিতীয় ওভারে বাংলাদেশি পেসারের শিকার হন উপুর থারাঙ্গা (১)। এরপর টানা চার ওভারে সিলেটের আরও ৪ জন ব্যাটসম্যান সাজঘরে ফেরেন। ওয়েস্ট ইন্ডিজের অলরাউন্ডার নারিন টি-টোয়েন্টির ৩০০তম উইকেট পান রস হোয়াইটলিকে ফিরিয়ে। এই স্পিনার চার ওভারে ১০ রান দিয়ে নেন তিনটি উইকেট। আবু হায়দার নেন ২ উইকেট।

এ দুই স্পিনারের বোলিংয়ে মাত্র ৫৩ রানে ৯ উইকেট হারায় সিলেট। শেষ পর্যন্ত আবুল হাসান ও তাইজুল না দাঁড়ালে তাদের ব্যাটিং লজ্জাটা আরও বেশি হতে পারতো। তাদের অপরাজিত ৪৮ রানের জুটিতে দলীয় স্কোর ১০০ পার করে সিলেট। ২৬ বলে ৩০ রানে অপরাজিত ছিলেন আবুল হাসান, ১৬ রানে খেলছিলেন তাইজুল।

লক্ষ্যে নেমে শুরু থেকে মারকুটে ছিলেন আফ্রিদি। মাত্র ১৭ বলে ১ চার ও ৫ ছয়ে ৩৭ রান করেন তিনি। পঞ্চম ওভারের প্রথম বলে টিম ব্রেসনানের শিকার হন ঢাকার এই পাকিস্তানি ওপেনার। ইংলিশ পেসার তার পরের বলে আউট করেন ক্যামেরুন ডেলপোর্টকে। ওই দুই উইকেট কোনও সমস্যা তৈরি করেনি ঢাকার সহজ জয়ে।

লুইস অপরাজিত থেকে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৮ বলে ২ চার ও ৫ ছয়ে ৪৪ রান করেন তিনি। অপর প্রান্তে সাকিব ১১ বলে ১৮ রানে অপরাজিত ছিলেন।