করোনা প্রকোপে বিশ্বের বর্তমান অবস্থার প্রেক্ষিত এবার মার্কিন যুক্তরাষ্ট্র-সহ বিশ্বের মোট ২৫টি দেশে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে ভারত।
ইতিমধ্যে বেশ কয়েকটি দেশ থেকে ভারতের কাছে অ্যান্টি-ম্যালেরিয়ার এই ওষুধ চেয়ে অনুরোধ এসেছে। করোনাভাইরাসের চিকিত্সায় বহির্বিশ্বে ব্যাপক হারে ব্যবহার হচ্ছে ম্যালেরিয়ার ওষুধটি।
আর্থরাইটিসের চিকিত্সার ক্ষেত্রেও ডাক্তাররা এই ওষুধটি প্রেসক্রাইব করে থাকেন। এছাড়াও, করোনার চিকিত্সাতেও আশানুরূপ ফল মিলছে। তাই করোনাআক্রান্ত দেশগুলির কাছে হাইড্রক্সিক্লোরোকুইন অত্যন্ত জুরুরি হয়ে পড়েছে।
বৃহস্পতিবার ভারতের সরকারি একটি সূত্রে ২৫টি দেশে হাইড্রক্সিক্লোরোকুইন পাঠানোর বিষয়টি নিশ্চিত করা হয়। এসময় ভারতে এই ওষুধটি পর্যাপ্ত পরিমাণে মজুদ রয়েছে বলে আশ্বস্তও করা হয়।
জানা গিয়েছে, আমেরিকা-সহ মোট ৩০টি দেশ ভারতের কাছে ওষুধের জন্য অনুরোধ জানিয়েছিল। সেখানে ২৫টি দেশে রফতানির ছাড়পত্র দেওয়া হয়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প করোনার চিকিত্সায় এই ওষুধটিকে গেম চেঞ্জার হিসেবে উল্লেখ করেন। তার পরেই হাইড্রক্সিক্লোরোকুইনের চাহিদা বাড়তে থাকে। এমনকী ভারতেও এই ওষুধটি ব্যবহার করা হচ্ছে।

