আরও কমেছে বৈশ্বিক খাদ্যমূল্য সূচক




টানা ঊর্ধ্বমুখিতার পর আগস্ট ও অক্টোবরে বৈশ্বিক খাদ্যপণ্যের মূল্যসূচক কমেছিল। নভেম্বরে এ মূল্যসূচক আরো কমেছে। এ সময় বৈশ্বিক খাদ্যপণ্যের গড় সূচকমান আগের মাসের তুলনায় দশমিক ৬ পয়েন্ট বা দশমিক ৫ শতাংশ কমে ১৭৫ দশমিক ৮ পয়েন্টে দাঁড়িয়েছে। জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থার (এফএও) মাসভিত্তিক ফুড প্রাইস ইনডেক্সে (এফএফপিআই) এ তথ্য উঠে এসেছে।
প্রতিবেদনের তথ্য অনুযায়ী, গত নভেম্বরে আন্তর্জাতিক বাজারে চিনি ও ভোজ্যতেলের দাম আগের মাসের তুলনায় বেড়েছে। তবে খাদ্যশস্য ও আমিষপণ্যের দাম তুলনামূলক স্থির ছিল। অন্যদিকে দুগ্ধপণ্যের বাজারে বড় ধরনের দরপতন ঘটেছে। এর জের ধরে নভেম্বরে বৈশ্বিক খাদ্যপণ্যের মূল্যসূচক আগের মাসের তুলনায় দশমিক ৬ পয়েন্ট কমেছে। অক্টোবরে এ সূচকমান ছিল ১৭৬ দশমিক ৪ পয়েন্ট।
নভেম্বরে বৈশ্বিক খাদ্যশস্যের মূল্য কিছুটা ঊর্ধ্বমুখী ছিল। এ সময় বৈশ্বিক খাদ্যশস্যে মূল্যের গড় সূচকমান বেড়ে ১৫৩ দশমিক ১ পয়েন্টে দাঁড়িয়েছে, যা আগের মাসের তুলনায় দশমিক ৩ শতাংশ বেশি। তবে ২০১৬ সালের নভেম্বরের তুলনায় এ সময় বৈশ্বিক খাদ্যশস্যের গড় মূল্যসূচক ১২ পয়েন্ট বা ৮ দশমিক ৩ শতাংশ বেশি ছিল। এ সময় যুক্তরাষ্ট্র ও লাতিন আমেরিকার দেশগুলো থেকে ভুট্টা এবং অস্ট্রেলিয়া, যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নভুক্ত (ইইউ) দেশগুলো থেকে গমের সরবরাহ কমার সম্ভাবনার খবর বৈশ্বিক খাদ্যমূল্য সূচকে প্রভাব ফেলেছে। একই সঙ্গে এশিয়ার দেশগুলোয় উৎপাদন হ্রাসের জেরে এ সময় আন্তর্জাতিক বাজারে চালের দাম আগের মাসের তুলনায় ১১ শতাংশ বেড়েছে।
নভেম্বরে চিনির বাজারেও ঊর্ধ্বমুখিতা অব্যাহত ছিল। এ সময় পণ্যটির বৈশ্বিক গড় সূচকমান দাঁড়িয়েছে ২১২ দশমিক ৭ পয়েন্টে, যা আগের মাসের তুলনায় ৯ দশমিক ২ পয়েন্ট বা ৪ দশমিক ৫ শতাংশ বেশি। তবে ২০১৬ সালের নভেম্বরের তুলনায় পণ্যটির গড় সূচকমান ২৬ শতাংশ নিচে রয়েছে। মূলত শীর্ষ উৎপাদনকারী দেশ ব্রাজিলে এবারের মৌসুমে আখ উৎপাদন কম হয়েছে। একই সঙ্গে দেশটির উৎপাদনকারীরা চিনির পরিবর্তে ইথানল উৎপাদনে ঝুঁকেছেন। এর জের ধরে দেশটিতে চিনি উৎপাদন ও রফতানি কমার সম্ভাবনায় পণ্যটির বৈশ্বিক মূল্যমান বেড়েছে। অন্যদিকে নভেম্বরে আমিষপণ্যের বৈশ্বিক গড় মূল্যসূচক আগের মাসের তুলনায় দশমিক ৫ পয়েন্ট বেড়েছে। এ সময় আমিষপণ্যের মূল্যসূচক মান দাঁড়িয়েছে ১৭৩ দশমিক ২ পয়েন্টে। আগের মাসে এ সূচকমান ছিল ১৭২ দশমিক ৭ পয়েন্ট। টানা তিন মাস ধরে আমিষপণ্যের বৈশ্বিক গড় মূল্যসূচক নিম্নমুখী রয়েছে।
এদিকে গত মাসে দুগ্ধপণ্যের বৈশ্বিক গড় সূচকমান সবচেয়ে বেশি কমেছে। এ সময় পণ্যটির গড় সূচকমান দাঁড়িয়েছে ২০৪ দশমিক ২ পয়েন্টে, যা আগের মাসের তুলনায় ১০ দশমিক ৬ পয়েন্ট বা ৪ দশমিক ৯ শতাংশ বেশি। ২০১৬ সালের নভেম্বরের তুলনায় এ সময় দুগ্ধপণ্যের গড় সূচকমান ৯ দশমিক ৬ শতাংশ বেশি রয়েছে। চলতি বছরের অক্টোবরে দুগ্ধপণ্যের বৈশ্বিক গড় সূচকমান ছিল ২১৪ দশমিক ৮ পয়েন্ট। মূলত প্রতিকূল আবহাওয়ার জের ধরে শীর্ষ উৎপাদনকারী দেশ নিউজিল্যান্ডে তরল দুধের উৎপাদন নিম্নমুখী রয়েছে।