ব্যাট যেন থামছেই না মোহাম্মদ আশরাফুলের। ব্যাটের দাপটে একের পর এক সেঞ্চুরি করে জানান দিচ্ছেন নিজের অস্তিত্বের। ফুরিয়ে যাননি এখনো, সেই প্রমাণের জন্যই কিনা ঢাকা প্রিমিয়ার লিগে করে ফেললেন নিজের ৫ম সেঞ্চুরি। প্রথম খেলোয়াড় হিসেবে প্রিমিয়ার লিগে টানা তৃতীয় সেঞ্চুরি করে রেকর্ড গড়েন।
ফিক্সিং কেলেঙ্কারিতে জড়িয়েছেন, কলঙ্কিত করেছেন দেশের ক্রিকেটকে। নিষিদ্ধ হয়েছিলেন দীর্ঘ সময়ের জন্য। অবশেষে খেলায় ফিরেছেন গতবছর জাতীয় লীগে। এ বছর লিস্ট এ ক্রিকেট ঢাকা প্রিমিয়ার লিগে ফিরেই প্রমাণ করে চলেছেন নিজেকে।
কলাবাগান ক্রীড়া চক্রের হয়ে খেলছেন এবারের আসরে। এদিন ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে মাঠে নামেন তিনি। দলীয় ৫ রানে প্রথম উইকেটের পর তিন নম্বরে নেমে শেষ পর্যন্ত খেলেন। অপরাজিত থেকে ১০২ রান করে মাঠ ছাড়েন তিনি। তাঁর এই রান করতে বলা খরচ করেন ১৩৭ টি।
দেখে শুনে ধীরস্থিরভাবে শুরু মোহাম্মদ আশরাফুলের। অর্ধশতক করেন ১০২ বলে। শেষ ৫২ রান করতে ব্যবহার করেন ৩৫টি বল। ইনিংসের শেষ বলে সোহরাওয়ার্দী শুভ’র বলে চার মেরে ঢাকা প্রিমিয়ার লিগের এবারের আসরে ৫ম সেঞ্চুরি পূর্ন করেন বাংলাদেশের এক সময়ের এই সুপারস্টার।
নিজের দল রেলিগেশন জোনে লড়াই করছে। কিন্তু মোহাম্মদ আশরাফুল স্ব-মহিমায় উজ্জ্বল। সেঞ্চুরিতে ছিলেন সবার আগে। সেটি আরো উচ্চতায় নিয়ে গেলেন আজ। আনামুল হককে ছাড়িয়ে সর্বোচ্চ রানে চড়ে বসেছেন আরো উচ্চতায়।
মোহামেডানের সাথে ক্যারিয়ার সেরা ১২৭, অগ্রণী ব্যাংকের সাথে ১০৩ এর পর আজ ব্রাদার্স ইউনিয়নের সাথে অপরাজিত ১০২ রান করে জানান দিচ্ছেন, আমি ফুরিয়ে যাইনি।
