কোথাও কোনো খেলা নেই। মাঠগুলো নিরব, নিস্তব্ধ। করোনাভাইরাসে যেমন থমকে গেছে পৃথিবী, তেমনি স্থবির হয়ে পড়েছে বিশ্বের ক্রীড়াঙ্গন। লা লিগা, প্রিমিয়ার লিগ, সিরি-আ, বুন্দেসলিগা, চ্যম্পিয়ন্স লিগসহ বিশ্বের সব লীগ বন্ধ হয়ে গিয়েছে। ইউরো কাপ পিছিয়েছে। এবার মেসি-নেইমারদের কোপা আমেরিকাও পেছেনো হলো।
২০২০ সালের পরিবর্তে সাউথ আমেরিকান ফুটবলের শ্রেষ্ঠত্বের আসরটি বসবে ২০২১ সালে। ১২ দলকে নিয়ে এবছরের ১২ জুন থেকে ১২ জুলাই পর্যন্ত আর্জেন্টিনা ও কলম্বিয়ায় হওয়ার কথা ছিল টুর্নামেন্টটি।
এক বিবৃতিতে এ তথ্য নিশ্চিত করেন সাউথ আমেরিকান ফুটবল সংস্থা কনমেবলের প্রধান আলেহান্দ্রো ডমিঙ্গুয়েজ। তিনি বলেন, ‘এটি একটি অপ্রত্যাশিত ঘটনা এবং বারবার ভাইরাসের বিবর্তন এড়াতে এই সিদ্ধান্ত নেয়া।’
পরিবর্তিত সূচি অনুযায়ী ২০২১ সালের ১১ জুন থেকে ১১ জুলাই হবে কোপার পরের আসর।
এছাড়াও একইসঙ্গে সাউথ আমেরিকার ফুটবল বিশ্বকাপের বাছাইপর্বের ম্যাচগুলোও স্থগিত করার আহ্বান জানিয়েছিল কনমেবল। তাতে সাড়া দিয়ে বাছাইপর্ব স্থগিত করেছে ফিফা।

