করোনাভাইরাসে থমকে গেছে গোটা বিশ্ব। স্থবির হয়ে পড়েছে ক্রীড়া জগত। এমন অবস্থায় অনুশীলন শুরুর অনুমতি পেলেন ইতালিয়ান প্রফেশনাল ক্লাবের ফুটবলাররা। এক বিবৃতিতে এ অনুমতি দিয়েছেন ইতালিয়ান প্রধানমন্ত্রী জুসেপ্পে কন্তে।
গত ৪৩ দিনের মধ্যে রবিবার সর্বনিম্ন ২৪৩ জনের মৃত্যু, আশাবাদী করছে তাকে। তাই তো স্বল্প পরিসরে হলেও আর্থিক ক্ষতি কাটিয়ে উঠতে মাঠে ফুটবল ফেরানোর ইঙ্গিত দিলেন কন্তে।
ইতালি প্রধানমন্ত্রী গুসেপ্পে কন্তে বলেন, ‘খেলোয়াড়দের স্বাস্থ্যের দিকটায় পূর্ণ সতর্কতা রেখে, আমরা স্বল্প পরিসরে অনুশীলনে ফেরার অনুমতি দিতে যাচ্ছি। আপাতত মে মাসের ৪ তারিখ থেকে ব্যক্তিগতভাবে সবাই ক্লাব মাঠে অনুশীলন করতে পারবে। তবে, দলীয় অনুশীলন শুরুর জন্য আরো কিছুদিন সময় লাগবে। আশা করি ১৮ তারিখ থেকে সেটাও শুরু করতে পারবে ক্লাবগুলো।’
এদিকে ইতালিতে অনুমতি মিললেও, নিষেধাজ্ঞা বহাল থাকছে স্পেনে। সরাসরি কোন আদেশ জারি করা না হলেও অবস্থা প্রেক্ষিতে লা লিগা মাঠে গড়ানো অনেকটাই অসম্ভব বলে মনে করেন ক্লাব কর্তারা। আর এর জন্য স্প্যানিশ স্বাস্থ্য বিভাগের করা নিয়মকে দুষছেন তারা।
স্পেন স্বাস্থ্যমন্ত্রী সালভাদোর ইয়া বলেন, ‘এভাবে এতো কড়াকড়ির মধ্যে অনুশীলন শুরু এবং লিগ শুরুর বিষয়টি অনিশ্চিত। কারণ এ টেস্ট আপনি যত্রতত্র করতে পারেন না। এর কিছু নিময়-কানুন আছে, আমাদের এগুলো মানতে হবে। আমি তাই এই মুহূর্তে কোন অনুশীলন বা জমায়েতের অনুমতি দিতে পারিনা। তবে, অবস্থার উন্নতি হলে ভবিষ্যতে বিষয়টি নিয়ে ভেবে দেখবো।’

