ইতালি থেকে আসা ১৪২ জন প্রবাসী বাংলাদেশির মধ্যে কেউ করোনাভাইরাসে আক্রান্ত রোগী নন। বিমানবন্দর থেকে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে আসার পর তাদের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা শেষে এখনও কারো শরীরে করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার লক্ষণ ও উপসর্গ পাওয়া যায়নি।
তবে তাদেরকে আগামী ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। পুলিশি পাহারায় হোম কোয়ারেন্টাইনের জন্য তাদের নিজ নিজ বাড়িতে পাঠানো হচ্ছে। শনিবার (১৪ মার্চ) সকাল সাড়ে ১১টার দিকে আশকোনা হজ ক্যাম্প গেটে ঢাকা জেলার সিভিল সার্জন ডা. মাইনুল হাসান গণমাধ্যমকর্মীদের এসব তথ্য জানান।
ইতালি থেকে রওয়ানা হওয়ার আগে সেখানে থার্মাল স্ক্যানারে তাদের পরীক্ষা করা হয়। সেখানে তাদের কারও শরীরে জ্বর ছিল না। আজ সকালে শাহজালাল বিমানবন্দরে অবতরণের পর আরেক দফা থার্মাল স্ক্যানারে জ্বর মাপা হলেও কারও শরীরে জ্বর ধরা পড়েনি। অধিক সতকর্তার অংশ হিসেবে আশকোনা হজ ক্যাম্পে নিয়ে প্রত্যেকের শারীরিক পরীক্ষা-নিরীক্ষা করা হয়।
এ প্রসঙ্গে নাম প্রকাশ না করার শর্তে স্বাস্থ্য অধিদফতরের একজন শীর্ষ কর্মকর্তা বলেন, তাদের কারও শরীরে জ্বর বা অন্যান্য অসুস্থতা না থাকায় তাদের সবাইকে পুলিশি পাহারায় নিজ নিজ বাড়িতে পাঠানো হবে। তাদের বাড়িতে ১৪ দিন হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। ফিরে আসা যাত্রীদের মধ্যে যারা এ নিশ্চয়তা দিতে পারবেন না তাদের অন্য কোথাও ১৪ দিন কোয়ারেন্টানে রাখা হবে।

