ইতালির পর কোভিড-১৯ বা নভেল করোনাভাইরাসে মৃত্যুর হিসেবে এবার চীনকে ছাড়িয়ে গেল স্পেনও। বুধবার দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, দেশে কভিড-১৯-এ নতুন করে ২৪ ঘণ্টায় মারা গেছেন ৪৫৪ জনের বেশি, মোট মৃতের সংখ্যা ৩ হাজার ৪৪৫ জন রেকর্ড করা হয়েছে।
স্পেনের শীর্ষস্থানীয় স্বাস্থ্য কর্মকর্তা ফার্নান্দো সাইমন বলেছেন, তার আশঙ্কা সামনের দিনগুলোতে কভিড-১৯ আক্রান্তের সংখ্যা বাড়তেই থাকবে। অবশ্য কয়েকদিন আগেই তিনি বলেছিলেন, শিগগিরই আক্রান্তের সর্বোচ্চ সীমা ছুঁবে স্পেন। এতে করোনাভাইরাস মহামারীতে দ্বিতীয় সর্বোচ্চ মৃত্যু এখন স্পেনে।
সর্বোচ্চ মৃত্যু ইতালিতে, ৭ হাজার ৫০৩ জন। চীনের জাতীয় স্বাস্থ্য কমিশনের তথ্য অনুযায়ী, মোট মারা গেছেন ৩ হাজার ২৮১ জন। আর ইরানে ২ হাজার ৭৭ জন। স্পেনের স্বাস্থ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বুধবার মৃতের সংখ্যা আগের দিনের তুলনায় ২৭ শতাংশ বেড়েছে। আর মোট আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪৭ হাজার ৬১১-এ।

