অপেক্ষার অবসান প্রায় শেষের পথে। শুরু হতে যাচ্ছে ফুটবল ইতিহাসের সবচেয়ে বড় ও বিস্তৃত বিশ্বকাপ। তিন দেশ যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডায় আয়োজিত এই আসরকে ঘিরে বিশ্বজুড়ে ফুটবলপ্রেমীদের মধ্যে এখন চরম উত্তেজনা ও কৌতূহল।
এক মাসের বেশি সময় ধরে চলবে এই মহাযজ্ঞ, যেখানে ৪৮টি দল লড়বে বিশ্বসেরার মুকুটের জন্য। ১৬টি শহরে অনুষ্ঠিত হবে মোট ১০৪টি ম্যাচ। উদ্বোধনী ম্যাচ হবে মেক্সিকো সিটির ঐতিহাসিক আসতেকা স্টেডিয়ামে, আর ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউ জার্সির মেটলাইফ স্টেডিয়ামে।
সবচেয়ে বড় প্রশ্ন লিওনেল মেসি কি আর্জেন্টিনাকে আবারও বিশ্বচ্যাম্পিয়ন রাখতে পারবেন? ২০২২ সালের কাতার বিশ্বকাপ জয়ের পর তার নেতৃত্বে আলবিসেলেস্তেরা কি আরও একটি সাফল্য যোগ করতে পারবে?
অন্যদিকে, রেকর্ড ষষ্ঠ বিশ্বকাপ খেলতে নামা ক্রিস্তিয়ানো রোনালদোর লক্ষ্য এবার পর্তুগালকে প্রথম বিশ্বকাপ জেতানো। এটি হতে পারে তার ক্যারিয়ারের শেষ বড় সুযোগ।
স্পেন, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল—সবাই শিরোপার দৌড়ে রয়েছে শক্ত অবস্থানে। তরুণ তারকা লামিনে ইয়ামালকে ঘিরে স্পেন যেমন আশাবাদী, তেমনি কিলিয়ান এমবাপে ও উসমান দেম্বেলেকে নিয়ে ভয়ংকর ফ্রান্সও প্রস্তুত। ইংল্যান্ডের জুড বেলিংহ্যাম ও হ্যারি কেইন এবং ব্রাজিলের নতুন প্রজন্মও শিরোপা জয়ের স্বপ্ন দেখছে।
এই প্রথমবারের মতো ৪৮ দল অংশ নিচ্ছে বিশ্বকাপে। ১২টি গ্রুপে ভাগ হয়ে খেলবে দলগুলো। প্রতি গ্রুপের শীর্ষ দুই দল এবং সেরা আটটি তৃতীয় দল যাবে নকআউট পর্বে—রাউন্ড অব ৩২।
এরপর ধারাবাহিকভাবে শেষ ষোলো, কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল হয়ে নির্ধারিত হবে চ্যাম্পিয়ন।
বিশ্বকাপ এবার চলবে ৩৯ দিন, যা আগের সব আসরের তুলনায় দীর্ঘতম।
এবারের আসরে ইতিহাস গড়তে যাচ্ছে কয়েকটি দেশ। কুরাসাও, কেপ ভার্দ, জর্ডান ও উজবেকিস্তান প্রথমবারের মতো বিশ্বকাপে খেলবে।
বিশেষ করে ছোট দেশ কুরাসাও জনসংখ্যার হিসেবে সবচেয়ে ক্ষুদ্র দেশগুলোর একটি হয়ে বিশ্বমঞ্চে জায়গা করে নিয়েছে। অন্যদিকে কেপ ভার্দ আফ্রিকার শক্তিশালী দল ক্যামেরুনকে পেছনে ফেলে বাছাইপর্বে সবার নজর কাড়ে।
ফুটবলের গতি বাড়াতে ও সময় নষ্ট কমাতে এবার বেশ কিছু নতুন নিয়ম যুক্ত হয়েছে,
- প্রতিটি অর্ধে বাধ্যতামূলক ৩ মিনিটের পানি বিরতি
- থ্রো-ইন ও গোল-কিকের জন্য ৫ সেকেন্ড সময়সীমা
- ইনজুরিতে চিকিৎসার পর ১ মিনিট মাঠের বাইরে থাকা বাধ্যতামূলক
- ভিএআর এখন কর্নার সিদ্ধান্তও পর্যালোচনা করতে পারবে
- বদলির সময় খেলোয়াড়দের ১০ সেকেন্ডের মধ্যে মাঠ ছাড়তে হবে।
আয়োজক দেশগুলোর রাজনৈতিক পরিস্থিতি, ভিসা জটিলতা, টিকেটের অতিরিক্ত দাম এবং দীর্ঘ বিমান ভ্রমণের কারণে পরিবেশগত ক্ষতির বিষয়টি নিয়ে ইতোমধ্যেই সমালোচনা শুরু হয়েছে।
বিশেষ করে কার্বন নিঃসরণ এবং সমর্থকদের ভ্রমণ সমস্যা নিয়ে প্রশ্ন তুলেছে বিভিন্ন সংগঠন।
সব বিতর্ক ছাপিয়ে ফুটবল এখন বিশ্বজুড়ে একটাই কেন্দ্রবিন্দু বিশ্বকাপ ২০২৬। তারকা, ইতিহাস, নতুন দল আর নতুন নিয়ম মিলিয়ে এটি হতে যাচ্ছে ফুটবলের সবচেয়ে বড় ও সবচেয়ে আলোচিত আসর।
এখন শুধু অপেক্ষা, কে উঠবে বিশ্বসেরার মঞ্চে।

