এক বোনকে উত্ত্যক্ত করার ঘটনায় চাদপুরের ফরিদগঞ্জ উপজেলায় মসজিদে ঢুকে এক ইমামকে মারধর করেছেন তিন বোন।
বুধবার ভোরে ফজরের নামাজের পর এই ঘটনা ঘটে। নামাজের পর মোনাজাত চলছিল। ওই সময় বোরকা পরা তিনজন মসজিদে ঢুকে ইমামের চোখেমুখে মরিচের গুড়া ছিটিয়ে দেন। পরে লোহার তার দিয়ে মারধর শুরু করেন। এ সময় মসজিদে অবস্থান করা মুসল্লিরা ওই তিন তরুণীকে আটক করলে পরে তাদেরকে ছেড়ে দেয়া হয়।
এবং আহত সেই ইমামকে চিকিৎসার জন্য লক্ষ্মীপুরের রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
এ ঘটনায় ওই তিন তরুণীর বাবা অভিযোগ করেন, ওই মসজিদের ইমাম কিছু বখাটে ছেলেদের নিয়ে তার এক মেয়েকে উত্ত্যক্ত করে আসছেন। এর আগে তিনি এ বিষয়ে মসজিদ কমিটিকে অভিযোগ করেছিলেন। কিন্তু ফল পাননি। পরে তার মেয়েরা উত্ত্যক্ত করার প্রতিবাদ করে এবং সে সময় তার মেয়েদের ইমাম মারধর করেন। বর্তমানে তার এক মেয়ে হাসপাতালে রয়েছে বলেও জানান তিনি।
এ ব্যাপারে, মসজিদ কমিটির সভাপতি বলেন, ওই ইমাম এক মেয়েকে বহুদিন ধরে উত্ত্যক্ত করে আসছেন বলে তার বাবা অভিযোগ করেছেন। এ কারণে তিনি ওই ইমামকে মসজিদ ছেড়ে চলে যেতে বলেন। ইমাম চলেও যান। কিছুদিন পর মসজিদের কিছু লোক তাকে আবার নিয়ে আসেন।
ফরিদগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বলেন, বিষয়টি শুনে পুলিশ পাঠানো হয়। পরে স্থানীয় ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যানকে মীমাংসার জন্য বলা হয়েছে।

