ইরাকে ইসলামিক স্টেটের (আইএস) জঙ্গি ভেবে ভুলবশত এক বাংলাদেশিকে হত্যা করেছে দেশটির সেনাবাহিনী। এ ছাড়া ঘটনাস্থল থেকে আরও ৩ বাংলাদেশিকে আটক করেছে। মসুল প্রদেশের দক্ষিণ-পূর্বাঞ্চলীয় কুর্দিস শহরে এ ঘটনা ঘটে।
মাখমৌরের মেয়র রিজকার মোহাম্মদ বাংলাদেশি শ্রমিকদের গ্রেপ্তার হওয়ার তথ্য নিশ্চিত করে বলেন, বাংলাদেশি শ্রমিকদের শহরটির বাইরে হাঁটতে দেখা গেছে। তাদের ৩ জনকে তদন্তের জন্য আটকে রাখা হয়েছে। কিন্তু হতাহত বাংলাদেশিদের নিয়ে কোনো মন্তব্য করেননি তিনি।
ইরাকি ওয়েবসাইট দিয়ারুনা এক প্রতিবেদনে জানিয়েছে, সম্প্রতি ইরাকি সেনাবাহিনীর আইএসবিরোধী অভিযানে ২৫ আইএস জঙ্গি নিহত হয়েছে। রোববার থেকে সোমবার এই অভিযান চালানো হয়।
জানা গেছে, ওই ৪ বাংলাদেশি কুর্দিস শহরের মাখমুর এলাকার উদ্দেশে যাচ্ছিলেন। তবে সে এলাকায় ঢোকার আগ মুহূর্তেই ইরাকি সেনাবাহিনীর একটি টহল দল আইএস জঙ্গি ভেবে তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে ইরাকি সেনাবাহিনীর সদস্যরা।

