ক্রিকেটের বাইবেল খ্যাত উইজডেন অ্যালম্যানাক পাঁচ ক্রিকেটারকে বর্ষসেরা (২০১৯) ক্রিকেটারের খেতাব দেওয়া হয়েছে।
তারা হলেন, জফরা আর্চার, প্যাট কামিন্স, এলিস পেরি, শিমন হার্মার ও মারনাস লাবুশেইন। প্রথম বিজাতীয় নারী ক্রিকেটার হিসাবে এই অ্যাওয়ার্ড জিতলেন অজি অলরাউন্ডার এলিস পেরি।
বারবাডোসে জন্ম নেওয়া গতি তারকা জফরা আর্চার ২০১৯ সাল কাটিয়েছেন স্বপ্নের মতো। ইংল্যান্ড দলে নিজের জায়গা পাকা করা এই বোলার বিশ্ব ক্রিকেটকে দিয়েছেন তার আগমনী বার্তা। বিশ্বকাপজয়ী দলের সদস্য হয়েছেন, শিকার করেছেন দলের পক্ষে সর্বোচ্চ উইকেট।

২০১৯ বিশ্বকাপে অস্ট্রেলিয়া সেমিফাইনাল হেরে বিদায় নেয়। তবে অস্ট্রেলিয়ার পক্ষে বিশ্বকাপে দ্বিতীয় সর্বোচ্চ উইকেট শিকারি প্যাট কামিন্স ছিলেন উজ্জ্বল। অ্যাশেজে অজিদের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন তিনি।

এসেক্সের হয়ে ধারাবাহিক পারফর্ম করে গেছেন শিমন হার্মার। দক্ষিণ আফ্রিকার সাবেক এই স্পিনার এসেক্সের জেতা কাউন্টি চ্যাম্পিয়নশিপ ও টি-টোয়েন্টি ব্লাস্ট- দুই টুর্নামেন্টেই দলের পক্ষে সর্বোচ্চ উইকেট শিকারি ছিলেন।

টেস্ট ক্রিকেটের প্রথম কনকাশন সাব মারনাস লাবুশেইন তার ধারাবাহিক ব্যাটিং দিয়ে প্রমাণ করেছেন ক্রিকেটে সাব হয়ে থাকতে আসেননি তিনি।

অস্ট্রেলিয়া নারী দলের সাফল্যে পেরির ভূমিকা অনস্বীকার্য। ব্যাট, বল দুই বিভাগেই সমান তালে অবদান রেখেছেন তিনি। সব ফরম্যাটেই সমান সফল এই ক্রিকেটার ছিলেন নারীদের টি-টোয়েন্টি বিশ্বকাপ জয়ী দলের সদস্য।

এর আগে ২০১৯ সালের সংষ্করণে উইজডেনের পাঁচ বর্ষসেরা ক্রিকেটার হয়েছিলেন ররি বার্নস, ট্যামি বেউমন্ট, জস বাটলার, ভিরাট কোহলি ও স্যাম কারেন।

