ফেসবুক লাইভে এবার তামিমের সঙ্গী হবেন কিউই অধিনায়ক কেন উইলিয়ামসন। এর আগে বাংলাদেশের ওয়ানডে দলপতি তামিম ইকবালের লাইভ অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছিলেন ফাফ ডু প্লেসি, রোহিত শর্মা, বিরাট কোহলির মতো তারকা ক্রিকেটাররা।
বৃহস্পতিবার দুপুর ৩টায় তামিম-উইলিয়ামসনের লাইভ অনুষ্ঠানটি শুরু হবে। নিউজিল্যান্ডের সঙ্গে বাংলাদেশের সময়ের পার্থক্য থাকায় এদিন দুপুরে লাইভটি দেখতে পাবেন ক্রিকেটের ভক্ত-সমর্থকরা।
গতকাল মঙ্গলবার বাংলাদেশ ক্রিকেটের জাতীয় দলের ড্যাশিং ব্যাটসম্যান তামিমের লাইভে এসেছিলেন পাকিস্তানের সাবেক অধিনায়ক ওয়াসিম আকরাম। ছিলেন বাংলাদেশের সাবেক তারকা খালেদ মাসুদ পাইলট, আকরাম খান এবং মিনহাজুল আবেদীন নান্নুও।
মুশফিকুর রহিমকে দিয়ে শুরু হওয়া লাইভ অনুষ্ঠানগুলো এর আগে রাত ১০টায় শুরু করেছিলেন তামিম ইকবাল। অনুষ্ঠানে অতিথি হিসেবে এসেছেন মাহমুদউল্লাহ রিয়াদ, মাশরাফি বিন মর্তুজা, তাসকিন আহমেদ এবং রুবেল হোসেন।
গত শনিবার এসেছিলেন মুমিনুল হক, তাইজুল ইসলাম এবং লিটন দাস।
এ ছাড়া বাংলাদেশের সাবেক তিন ক্রিকেটার খালেদ মাহমুদ সুজন, নাইমুর রহমান দুর্জয় এবং হাবিবুল বাশারকে নিয়ে লাইভ সেশন চালিয়েছিলেন তামিম।

