২০ বছরের মধ্যে বঙ্গোপসাগরে প্রথম সুপার সাইক্লোন আম্পানের প্রকোপে প্রথম মৃত্যু হল দেশে। সংবাদ ভারতীয় গণমাধ্যম এনডিটিভি’র।
এদিকে শক্তিশালী ঘূর্ণিঝড় আম্পান বাংলাদেশ উপকূল অতিক্রম শুরু করে দিয়েছে। আজ বুধবার বিকেল চারটা থেকে এটি সাগর উপকূলের পূর্ব দিকে সুন্দরবন ঘেঁষা পশ্চিমবঙ্গ ও বাংলাদেশ দিয়ে অতিক্রম করছে।
অতিক্রমের সময় বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৬০ থেকে ১৮০ কিলোমিটারের মধ্যে রয়েছে। জানিয়েছেন আবহাওয়া অধিদপ্তরের পরিচালক সামছুদ্দীন আহমেদ।
তিনি বলেন, বিকেল চারটা থেকে রাত আটটার মধ্যে আম্পান বাংলাদেশের সাতক্ষীরা, খুলনা অঞ্চল অতিক্রম করবে। এ সময় বাতাসের গতিবেগ ক্রমান্বয়ে কমতে থাকবে।
এর ফলে সমুদ্রের ঢেউ ১৫ ফুট পর্যন্ত উঁচু হতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। এই ধরনের জলোচ্ছ্বাসের ফলে ব্যাপক ক্ষয়ক্ষতি হতে পারে বলে মনে করা হচ্ছে।
বুধবার সকাল থেকেই আমফানের প্রকোপে ব্যাপক বৃষ্টি ও ঝোড়ো হাওয়া বইতে থাকে পশ্চিমবঙ্গ ও ওড়িশায়।
প্রসঙ্গত; ১৯৯৯ সালে সুপার সাইক্লোন দেখা গিয়েছিল ওড়িশায়। সেবার সাইক্লোনের প্রকোপে ১০,০০০ মানুষের মৃত্যু হয়। তার আট বছর আগে বাংলাদেশে টাইফুন, টর্নেডো ও বন্যার প্রকোপে ১,৩৯,০০০ জন মানুষের মৃত্যু হয়। ১৯৭০ সালে ঘূর্ণিঝড় ভোলার প্রকোপে প্রায় ৫ লক্ষ মানুষ মারা যান।
২০০৭ সালে ঘূর্ণিঝড় সিডর-এর প্রকোপে ৩,৫০০ মানুষ মারা যান ও প্রবল ক্ষয়ক্ষতি হয়। এবার তার থেকেও বেশি ক্ষতির আশঙ্কা রয়েছে।

