উপগ্রহবিধ্বংসী ক্ষেপণাস্ত্র তৈরির দাবি করেছে ভারত। তাদের দাবি অনুযায়ী মহাশূন্যে তারা এই ক্ষেপনাস্ত্রের সফল পরীক্ষা চালিয়েছে।
আজ বুধবার দুপুরে জাতির উদ্দেশ্যে দেওয়া এক ভাষণে দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তার দেশের বিজ্ঞানীরা লোয়ার অবরিটে উপগ্রহবিধ্বংসী ক্ষেপণাস্ত্র দিয়ে ৩০০ কিলোমিটার দূরের একটি চলমান উপগ্রহকে সফলভাবে ধ্বংস করতে সক্ষম হয়েছে। এর মাধ্যমে ভারত, যুক্তরাষ্ট্র-চীন-রাশিয়ার পর মহাশূণ্যে চতুর্থ পরাশক্তি হিসেবে আবির্ভূত হল বলেও মন্তব্য তার।
টেলিভিশনে দেওয়া ভাষণে মোদী বলেন, প্রযুক্তির উৎকর্ষের চরম সীমায় পৌঁছালেই কেবল মহাশূন্যে উপগ্রহ ধ্বংস করা সম্ভব।
তিনি বলেন, “আমরা আমাদের বিজ্ঞানীদের নিয়ে গর্ব করি। এটা দেশের জন্য অত্যন্ত গর্বের। আগামী দিনে জীবনের প্রতিটি ক্ষেত্রে মহাকাশের প্রয়োজন হবে। আমরা জল- স্থল এবং আকাশের মতো মহাকাশেও নিজেদের সুরক্ষা দিতে পারবো,”।
এ পরীক্ষার মাধ্যমে আন্তর্জাতিক আইনের লংঘন হয়নি বলেও মন্তব্য করেছেন ভারতীয় জনতা পার্টির (বিজেপি) এ শীর্ষ নেতা।
প্রধানমন্ত্রীর এ ঘোষণার পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে মোদীর প্রশংসা পঞ্চমুখ হয়ে ওঠেন বিজেপি সমর্থকরা।

