দেশের উভয় স্টক এক্সচেঞ্জে মূল্য সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতায় শেষ হয়েছে লেনদেন। দিনের শুরু থেকেই ইতবাচক ছিল সূচক। দুই স্টক এক্সচেঞ্জেই দর বেড়েছে অধিকাংশ সিকিউরিটিজের। এদিকে ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেন বেড়েছে। দিন শেষে বেড়েছে সবগুলো সূচক।
বাজার পর্যবেক্ষণে দেখা যায়, ডিএসইর ব্রড ইনডেক্স ডিএসইএক্স ২৪ দশমিক ১৯ পয়েন্ট বা দশমিক ৪১ শতাংশ বেড়ে দাঁড়ায় ৫ হাজার ৮৬৫ দশমিক ৩৮ পয়েন্টে। এদিকে ৪ দশমিক ৪৫ পয়েন্ট বা দশমিক ২ শতাংশ বেড়ে ২ হাজার ১৯৮ দশমিক ৯৯ পয়েন্টে উঠেছে স্টক এক্সচেঞ্জটির ব্লু-চিপ সূচক ডিএস ৩০। আর ২ দশমিক ৬২ পয়েন্ট বা দশমিক ১৯ শতাংশ বেড়ে ১ হাজার ৩৫৯ দশমিক ১৬ পয়েন্টে অবস্থান করছে শরিয়াহ সূচক ডিএসইএস।
সারা দিনে ডিএসইতে ১৯ কোটি ৮ লাখ ৬৫ হাজার ৪৪৬টি শেয়ার, করপোরেট বন্ড ও মিউচুয়াল ফান্ড ইউনিট হাতবদল হয়, যার বাজারদর ছিল ৬২২ কোটি ৫ লাখ ৬৭ হাজার টাকা। আগের কার্যদিবসে তা ছিল ৫৭২ কোটি ৪ লাখ ৩৬ হাজার টাকা। লেনদেনকৃত সিকিউরিটিজের মধ্যে দিন শেষে দাম বেড়েছে ১৬৪টির, কমেছে ১৩৪টির ও অপরিবর্তিত ছিল ৩৬টির বাজারদর।
এদিকে দেশের আরেক শেয়ারবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) ব্রড ইনডেক্স সিএসসিএক্স ৪০ দশমিক ৪ পয়েন্ট বেড়ে ১০ হাজার ৯৩২ দশমিক ১৪ পয়েন্টে উন্নীত হয়। আর ৩৯ দশমিক ১৭ পয়েন্ট বেড়ে ১৬ হাজার ৫৯৮ দশমিক ৮৫ পয়েন্টে অবস্থান করছে স্টক এক্সচেঞ্জটির নির্বাচিত কোম্পানিগুলোর সূচক সিএসই ৩০। সিএসইতে কেনাবেচা হয়েছে ৩০ কোটি ৭৭ লাখ ৬০ হাজার ৫৫২ টাকার সিকিউরিটিজ, যা এর আগের কার্যদিবসে ছিল ৩৯ কোটি ১১ লাখ ৮৫ হাজার ৯৭৯ টাকা।
