এক সপ্তাহে দু’ দুবার হেরে যাওয়া নিছক কোনো অবিশ্বাস্য ঘটনা নয়। এমনটি হরহামেশা ঘটে। কিন্তু দলটি যে লিভারপুল, তাই অবাক হতেই হয়। চোখ কপালে উঠার মতো করেই হারছে।
টানা ৪৪ ম্যাচ অপরাজিত দলটি হেরেছে অবশেষে। তবে এক ম্যাচ নয়, টানা তিন ম্যাচ হেরেছে ইংলিশ জায়ান্ট দলটি।
শুরুটা উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ দিয়ে। অ্যাটলেটিকো মাদ্রিদের কাছে ১-০ গোলে সেই যে শুরু, এরপর জিততে পারেনি ক্লপের শিষ্যরা।
পরের ম্যাচে জিতলেও তার পরের ম্যাচেই আবার অখ্যাত ওয়ার্টফোর্ডের কাছে ৩-০ ব্যবধানে হেরে ইংলিশ লিগে লিভারপুলের জয়রথ থামে।
সে ধারাবাহিকতায় এবার তারা হেরে গেছে ইংলিশ প্রিমিয়ার লিগের আরেক জায়ান্ট চেলসির কাছে। যদিও ম্যাচটি ইংলিশ প্রিমিয়ার লিগের ছিল না। ছিল এফএ কাপের ফিফথ রাউন্ডের ম্যাচ।
চেলসির কাছে ২-০ গোলে হেরে এফএ কাপের পঞ্চম রাউন্ড থেকে ছিটকে গেছে লিভারপুল। অন্যদিকে দুর্দান্ত জয়ের কারণে কোয়ার্টার ফাইনালে জায়গা করে নিয়েছে চেলসি।
ক্লপের দল যে হারতে পারে, হয়ত অনেকেই ভুলে গিয়েছিলেন। সেই আত্মবিশ্বাস অতিরিক্ত আত্মবিশ্বাসে পরিণত হয়েছিল কিনা কে জানে! আকাশে উড়তে উড়তে কোনো না কোনো দুর্যোগে ধপাস করে মাটিতে পড়ে গেলে, সেখান থেকে উঠে দাঁড়ানো সম্ভব হয় না।
এফ এ কাপ থেকে লিভারপুলের বিদায় যেন সেটিই স্মরণ করিয়ে দিচ্ছে।

