এ শ্রীলঙ্কার হাল ধরবে কে




১৯৯৬ সালে আন্ডারডগ হিসেবে বিশ্বচ্যাম্পিয়ন। শ্রীলঙ্কার নতুনের পথ চলা, বড় দল হিসেবে আবির্ভাব সেখান থেকেই। জয়সুরিয়া, আতাপাতু, রানাতুঙ্গারা যেই শ্রীলঙ্কার জন্ম দিয়েছিল সেই শ্রীলঙ্কা পূর্নতা পেয়েছে সাঙ্গাকারা, জয়াবর্ধনে, ভাস, মুরালিধরনদের হাত ধরে।
তবে সময়ের পরিবর্তনে শ্রীলঙ্কার সোনালী প্রজন্ম আজ বিলুপ্ত। শেষ সাঙ্গাকারা, জয়াবর্ধনে, দিলশানদের অবসরের পর সাবেক বিশ্বচ্যাম্পিয়নদের শ্রেষ্ঠত্বে মরচে ধরেছে। বর্তমানে শ্রীলঙ্কা দলের প্রবীণ সদস্য ম্যাথিউস, থারাঙ্গা, চান্দিমালের সাথে তরুণ মেন্ডিস, ডিকভেলা, গুনারত্নেরা আগের শ্রীলঙ্কা করে তোলার চেষ্টা চালালেও কিছুতেই কিছু হচ্ছে না। এক হয়ে খেলা হচ্ছে না এশিয়ার সিংহদের। ব্যক্তিগত সাফল্য মাঝে মধ্যে আকাশ ছুঁলেও দলীয় সফলতা শূন্যের কোঠাতেই থেমে যায়।
চলতি বছরের শুরুতে বাংলাদেশের সাথে টেস্ট হার, বাংলাদেশের বিপক্ষে টেস্ট, ওয়ানডে ও টি২০ সিরিজ ড্র, চ্যাম্পিয়ন্স ট্রফির পূর্বে প্রস্তুতিমূলক ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে হার শ্রীলঙ্কার অবনমনই জানান দিচ্ছে। সম্প্রতি জিম্বাবুয়ের সাথে ওডিআই সিরিজ হেরে বসা শ্রীলঙ্কার ক্রিকেটকে যেন অন্ধকারেই ঠেলে দিয়েছে। সেই জিম্বাবুয়ের সাথে একমাত্র টেস্টেও কোনোমতে বেঁচেছে তাঁরা। বর্তমানে শ্রীলঙ্কার ক্রিকেটের বেহাল অবস্থা ফুটে উঠেছে ভারতের বিপক্ষে টেস্ট সিরিজে। একটি ম্যাচে, পক্ষান্তরে একটি মুহূর্তের জন্য লড়াই করতে পারেনি, তিন ম্যাচের সিরিজে ধবল ধোলাইয়ের স্বাদ গ্রহণ করতে হয়েছে ১৯৯৬ সালের বিশ্বকাপ জয়ী দলটিকে।
প্রথম টেস্টে ভারত জিতেছিল ৩০৪ রানের বিশাল ব্যবধানে। এরপরের টেস্ট ইনিংস ও ৫৪ রানে। তৃতীয় ও শেষ টেস্টে আরো করুন অবস্থা স্বাগতিকদের। যেখানে ইনিংস ও ১৭১ রানের পরাজয় কাটার মত বিঁধছে।
কে দায়িত্ব নিবে এ শ্রীলঙ্কাকে বদলে দেবার? শ্রীলঙ্কান দলের প্রধান নির্বাচক সাবেক ক্রিকেটার ও ১৯৯৬  সালের বিশ্বকাপ জয়ী দলের সদস্য সনাথ জয়সুরিয়া ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে বলেন, ‘ঘরের মাঠে হারাটা সবসময় দুঃখজনক আর পরাজয়টা যদি এমন হয় তাহলে হতাশার মাত্রাটা একটু বেশি।’ নিজের ক্যারিয়ার সেরা ৩৪০ (টেস্টে) ও ১৮৯ (ওডিআইতে) ইনিংস দুটি এসেছিল ভারতের বিপক্ষে।
তিনি আরো বলেন, ‘অতীতে আমরা ঘরে ভারতের বিপক্ষে বরাবরই ভালো খেলে এসেছিলাম, এখন আমাদের সেই সময় খুঁজে পেতে চেষ্টা চলছে। খেলোয়াড়রা মানসিকভাবে হতাশাগ্রস্থ, বোর্ড তাদের আত্মবিশ্বাস বাড়াতে তাদের পাশে আছে।’ তিনি আরো যুক্ত করেন, ‘কিভাবে দ্রুত এ থেকে বেরিয়ে আসা যায় তার উত্তর খুঁজে বের করা জরুরি। কোচিং স্টাফদের নতুন পরিকল্পনা নিয়ে এই সমস্যা প্রতিহত করতে হবে, নাহলে খুব খারাপ দিন আসছে শ্রীলঙ্কার ক্রিকেটে।’
এখনই যদি শ্রীলঙ্কা নিজেদের ফিরে না পেতে পারে, তবে ২০১৯ বিশ্বকাপ খেলাটা কঠিন হয়ে যাবে। কেননা ৩১ সেপ্টেম্বরের মধ্যে র‍্যাঙ্কিংয়ে থাকা আটটি দল সরাসরি বিশ্বকাপে সুযোগ পাবে। আটে থাকা শ্রীলঙ্কার ঘাড়ে নিঃশ্বাস ফেলছে নয়ে থাকা ওয়েস্টইন্ডিজ।