ক্রিকেট ও সিনেমার মধ্যে যে সম্পর্ক হতে পারে, তা প্রমাণ করেছেন ভিরাট কোহলি এবং আনুশকা শর্মা। অনেক আলোচনা, সমালোচনার জন্ম দিয়ে সম্পর্ক করেছিলেন তারা। এবার পরিণতির দিকে যাচ্ছে তাদের সম্পর্ক।
এই সপ্তাহেই নাকি বিয়ে করতে চলেছেন ভিরাট কোহালি ও আনুশকা শর্মা। তবে বিদেশের মাটিতেই গাঁটছড়া বাঁধতে চলেছেন এই মোস্ট ফেভারিট কাপল। শোনা যাচ্ছে ইতালিতেই হবে এই দুই নক্ষত্রের বিয়ের অনুষ্ঠান।
ভারতীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, ইতালির বুকে বিয়েটা এ বার সেরেই ফেলবেন এই দুই তারকা। আগামী ৯, ১০ এবং ১১ ডিসেম্বর— এই তিন দিন ধরে চলবে বিয়ের অনুষ্ঠান।
শোনা যাচ্ছে, বিয়ে সেরে নববধূকে নিয়ে দেশে ফিরবেন ভিরাট। যদিও অভিনেত্রী আনুশকা শর্মার তরফে কোনও কিছুই জানানো হয়নি।
তবে কি গোপনেই বিয়েটা সেরে ফেরার প্ল্যান কষেছেন এই জুটি? সর্বত্রই গুঞ্জন যে, পাপারাৎজিদের হাত থেকে রেহাই পেতেই এমনতর সিদ্ধান্ত নিয়েছেন এই সেলেব কাপল। এমনকী, কিছু দিন আগে খবর ছড়িয়েছিল যে বাগদান সেরে ফেলেছেন এই জুটি। যদিও নিজেদের বাগদান নিয়েও টুঁ শব্দটিও করেননি তারা।
একটি বিজ্ঞাপনে প্রথম আনুশকার সঙ্গে দেখা হয় ভিরাটের। এর পর গড়ে ওঠে সম্পর্ক। কিন্তু ইংল্যান্ড সিরিজে তাঁর ব্যর্থতার কারণে ট্রোলড হতে হয় আনুশকাকে। ভিরাটকে দর্শকরা এমনও বলেন যে, প্রফেশনাল ট্যুরে বান্ধবীকে সঙ্গে নিয়ে গেলে খারাপ পারফরম্যান্স হবেই। সে সময় তিনি খুব ভেঙে পড়েছিলেন। তবে অনেক উত্থান পতন পার করে এখন পরিণতির দিকে যাচ্ছেন তারা।
