এই অভিনেত্রী এখন ভারতের গুগল প্রধান



জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগলের ভারতের প্রধান নির্বাহী হিসেবে মনোনীত হয়েছেন সাবেক বলিউড অভিনেত্রী ময়ূরী কঙ্গো।

গত নব্বই দশকের সাবেক এই ভারতীয় অভিনেত্রীর প্রথম ছবি ‘নাসিম’। মুক্তি পায় ১৯৯৫ সালে। বেশ কিছু টেলিভিশন ধারাবাহিকেও অভিনয় করেছিলেন তিনি। অজয় দেবগন, অনুপম খের, আরশাদ ওয়ারসি, শক্তি কাপুর, ববি দেওল, রানী মুখার্জি, চন্দ্রচূড় সিংয়ের মতো অভিনয়শিল্পীদের সঙ্গে অনেক কাজ দর্শকদের উপহার দিয়েছেন ময়ূরী।

২০০০ সালের দিকে তিনি অভিনয় ছেড়ে দিয়ে আদিত্য ধিলো নামের এক ভারতীয়কে বিয়ে করে ২০০৩ সালে আমেরিকার নিউইয়র্ক চলে যান। সেখানে তিনি ২০০৪ থেকে ২০১২ সাল পর্যন্ত নিউইয়র্কের বেশ কয়েকটি করপোরেট প্রতিষ্ঠানের গুরুত্বপূর্ণ পদে কাজ করেছেন। এছাড়াও,বিপণন ও অর্থায়ন নিয়ে এমবিএ করেন তিনি।

তবে বর্তমানে আবারো তিনি ভারতে এসেছেন। কিন্তু এখন আর অভিনেত্রী হিসেবে নয়, তিনি ভারতে গুগলের প্রধান নির্বাহীর দায়িত্ব পালন করছেন।

সম্প্রতি, টাইমস অব ইন্ডিয়ার এক সাক্ষাৎকারে ময়ূরী বলেন, নতুন কোনো ক্লায়েন্টের সঙ্গে পরিচিত হলেই প্রথমেই তারা বলতো যে তিনি গুগলে কিভাবে এলেন? এর জন্য প্রায় প্রতিবারই ক্লায়েন্টদের সাথে তার নিজের সম্পর্কে বলতে হতো।

ময়ূরী বলেন, বলিউডের অভিনেত্রীদের অবশ্যই তাদের পড়ালেখাটা শেষ করা উচিত। কারণ, বলিউডে তাদের কাজের সময়সীমা খুবই কম। এরপরই তারা বেকার হয়ে যেতে পারেন। পড়ালেখাটা করা থাকলে অন্য পেশাতেও চলে যেতে পারবেন তারা।’

তিনি জানান, দীর্ঘ এই প্রবাস জীবনেও নিজের বন্ধুদের তিনি ভুলে যাননি। প্রায়ই গৌরী প্রধান, মুকুল দেব ও অন্যান্যদের কথা মনে পড়ে তার।