সোমবার (১ এপ্রিল) থেকে সারাদেশে শুরু হতে যাওয়া এইচএসসি পরীক্ষায় প্রথম দিনেই অসদুপায় অবলম্বনের দায়ে ২৭ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
পরীক্ষা নিয়ন্ত্রণকারী আন্তশিক্ষা বোর্ড সমন্বয় সাবকমিটি জানিয়েছে, তাদের মধ্যে ২২ জনই এবার কারিগরি শিক্ষা বোর্ড থেকে পরীক্ষায় অংশ নিয়েছিলো। এছাড়াও ১৪৯৮৮ জন অনুপস্থিত ছিলেন। অনুপস্থিত পরীক্ষার্থীদের মধ্যে ১০ হাজার ১৬০ জন আটটি শিক্ষা বোর্ডের অধীন। এবং বাকি ২ হাজার ৬১৪ জন মাদ্রাসার ও ২ হাজার ২১৪ জন কারিগরি শিক্ষা বোর্ডের অধীন।
সব মিলিয়ে এবার এইচএসসি ও সমমানে আটটি শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ড মিলিয়ে মোট পরীক্ষার্থী ১৩ লাখ ৫১ হাজার ৫০৫ জন। এর মধ্যে আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে শুধু এইচএসসি পরীক্ষার্থী ১১ লাখ ৩৮ হাজার ৭৪৭ জন। তবে আজ সবার পরীক্ষা ছিল না।
প্রতিবারের মতো, এবারও পরীক্ষা শুরু হওয়ার ৩০ মিনিট আগে কেন্দ্রে পরীক্ষার্থীদের আসন গ্রহণ করতে হচ্ছে। কোন প্রশ্নপত্রের সেটে পরীক্ষা হবে, ২৫ মিনিট আগে তা নির্ধারণ করে জানানো হচ্ছে। পরীক্ষা কেন্দ্রে শুধুমাত্র কেন্দ্র সচিব সাধারণ একটি ফোন ব্যবহার করতে পারবেন। এছাড়া বাকি সবার ক্ষেত্রে মোবাইল ফোন বা অননুমোদিত ইলেকট্রনিকস যন্ত্র ব্যবহারে নিষেধাজ্ঞা রয়েছে।
চলমান এই লিখিত পরীক্ষা শেষ হবে আগামী ১১ মে। এরপর ১২ থেকে ২১ মের মধ্যে ব্যবহারিক পরীক্ষা শেষ করতে হবে।

