এক মাসে ১০৭ টি ধর্ষণ!




এবছর নভেম্বর মাসে সারাদেশে ১০৭টি ধর্ষণের ঘটনা ঘটেছে। এর মধ্যে গণধর্ষণের শিকার হয়েছে ১৩ জন। আর ধর্ষণের পর হত্যা করা হয়েছে ২ জনকে। এ ছাড়া ১১ জনকে ধর্ষণের চেষ্টা করা হয়েছে।
বাংলাদেশ মহিলা পরিষদ আজ মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে নভেম্বর মাসের নির্যাতনের পরিসংখ্যান জানিয়েছে । ১৪টি জাতীয় দৈনিক পত্রিকায় প্রকাশিত সংবাদের ভিত্তিতে এ তথ্য দিয়েছে সংগঠনটি।
সংগঠনটির দেয়া তথ্য অনুযায়ী, গত মাসে ৪২৭ জন নারী ও কন্যাশিশু নির্যাতনের শিকার হয়েছে। অপহরণের ঘটনা ঘটেছে ২৩টি। বিভিন্ন কারণে ৪২ জন নারী ও কন্যাশিশুকে হত্যা করা হয়েছে। এ ছাড়া হত্যার চেষ্টা করা হয়েছে চারজনকে। যৌতুকের কারণে নির্যাতনের শিকার হওয়া ২১ জনের মধ্যে ৯ জনকে হত্যা করা হয়েছে। উত্ত্যক্তের শিকার হয়েছেন ১৭ জন, এদের মধ্যে আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন ৪ জন। অন্যান্য কারণে মাসটিতে ৪৯ জন আত্মহত্যা করতে বাধ্য হয়েছেন। ২৯ জনের রহস্যজনক মৃত্যু হয়েছে। ৬০টি বাল্যবিবাহের চেষ্টা প্রতিরোধ করা হয়েছে এবং বাল্যবিবাহের শিকার হয়েছে চারজন।
মাসটিতে শারীরিক নির্যাতনের শিকার হয়েছে ১৫ জন। বেআইনি ফতোয়ার ঘটনা ঘটেছে তিনটি। অ্যাসিডদগ্ধের শিকার দুজনের মধ্যে একজনের মৃত্যু হয়েছে।
এছাড়া চলতি বছরের প্রথম ১০ মাসে মোট ১ হাজার ৭৩৭টি ধর্ষণসহ নারী ও কন্যাশিশু নির্যাতনের ঘটনা ঘটেছে বলে বলা হয়েছিল। অথচ গত বছর ১২ মাসে সংখ্যাটি ছিল ১ হাজার ৪৫৩টি। নারীর প্রতি সহিংসতা প্রতিরোধের অভাব, পিতৃতন্ত্র ও বৈষম্যমূলক আইন নারী নির্যাতন বাড়ার পেছনে দায়ী বলে প্রতিবেদনে বলা হয়েছিল।
আরও পড়ুন;
ভারতে অপ্রাপ্তবয়স্ক স্ত্রীর সাথে মিলন হবে ধর্ষণ   
পায়ে লোম থাকায় মডেলকে ধর্ষণের হুমকি  
ছয় মাসে সারা দেশে ২২৯টি ধর্ষণ  
তনু হত্যা: সন্দেহভাজন ৩ জনকে জিজ্ঞাসাবাদ