ব্যস্ততার এই যুগে আমরা জীবনকে সহজ করার নানা পথ বেছে নিয়েছি। একের ভিতরই খুঁজে নিচ্ছি বহু কিছুর সমাধান। মডিউলার ইলেকট্রো মেকানিক্যাল যন্ত্র এমনই একটি যন্ত্র। যন্ত্রটিতে আলাদাভাবে স্পিকার, মাইক্রোফোন, টাচস্ক্রিন, গ্লোবাল পজিশনিং সিস্টেম (জিপিএস) সংযুক্ত করা যাবে, যা সম্পূর্ণ একটি ফোনের মতোই কাজ করবে।
গত বৃহস্পতিবার এ যন্ত্রটির পেটেন্ট আবেদন করেছে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। অবশ্য ফেসবুকের অনেক আগেই যন্ত্রটি নিয়ে কাজ শুরু করেছিল গুগল। তবে কিছুদিন পর হাল ছেড়ে দিয়েছে তারা।
মডিউলারটিতে একজন ব্যবহারকারীর স্বাধীনতা থাকছে ইচ্ছামতো হার্ডওয়্যার যুক্ত বা আলাদা করার। স্মার্টফোন দুনিয়ায় এই ধারণা দীর্ঘদিন ধরেই প্রযুক্তিপ্রতিষ্ঠানগুলোর মাঝে প্রতিযোগিতার বিষয় ছিল। গুগলের মতো প্রতিষ্ঠান গত কয়েক বছর তাদের এআরএ মডিউলার ফোন প্রকল্পটি চালিয়ে এসে গত বছর অনেকটা হাল ছেড়ে দিয়েছে। সেখানে ফেসবুক এমন শক্ত কাজে বেশ উঠেপড়েই নেমেছে বলা যায়।

নতুন এই পেটেন্ট আবেদনের পেছনে ফেসবুকের বিল্ডিং ৮ দলটি কাজ করছে। অবাক করার মতো বিষয় হচ্ছে, এই দলটিতে গুগলের প্রকল্প এআরএর দক্ষ বেশ কয়েকজন কর্মকর্তাও রয়েছেন। তা ছাড়া বিল্ডিং ৮ দলের প্রধান রেজিনা দুগান আগে গুগলের প্রজেক্ট এআরএর একটি দলের নেতৃত্ব দিয়েছেন। বিল্ডিং ৮ হচ্ছে ফেসবুকের গ্রাহকদের হার্ডওয়্যার গবেষণাগার। যেখানে মন পড়তে পারা এবং দেহের ত্বক থেকে ভাষা বুঝতে পারার মতো ভবিষ্যতের বিভিন্ন প্রকল্প নিয়ে কাজ করে থাকে। এ ছাড়া ফেসবুক গত বছর একটি স্টার্টআপ প্রতিষ্ঠান ন্যাসেন্ট অবজেক্টকে কিনেছিল। সেই প্রতিষ্ঠানের চারজন কর্মকর্তাও প্রকল্পটিতে কাজ করছে। এই স্টার্টআপ মূলত ত্রিমাত্রিক প্রিন্ট নিয়ে কাজ করে এবং এই প্রযুক্তি যন্ত্রটির একটি নমুনা তৈরিতে ব্যবহার করা হবে।
তবে মডিউলার সিস্টেমটি কী রকম যন্ত্র হিসেবে কাজ করবে, তা এখনো পরিষ্কার হয়নি। মডিউলার যন্ত্রটি একটি ফোন বা অ্যামাজনের অ্যালেক্সা অর্থাৎ মিউজিক স্পিকারের মতো কাজ করতে পারে, যেমনটা পেটেন্ট আবেদনে বলা হয়েছে। পেটেন্ট আবেদনের সঙ্গে এ-সংক্রান্ত একটি পেনসিল স্কেচ দেওয়া হয়েছে।
এর আগে ২০১৩ সালে এইচটিসির সঙ্গে ফেসবুক এ ধরনের ফোন তৈরি করার চেষ্টা করেছিল। তবে তা সম্পূর্ণভাবে ব্যর্থ হয়েছিল।
