চক্রাকার বাস সার্ভিস চলতি (এপ্রিল) মাসের শেষ সপ্তাহে মতিঝিলে এবং আগামী মে মাসের প্রথম সপ্তাহে উত্তরায় চালু করা হবে।
বুধবার বাস রুট রেশনালাইজেশন কমিটির সভায় ঢাকা দক্ষিন সিটি করপোরেশনের মেয়র মোহাম্মদ সাঈদ খোকন এ সিদ্ধান্ত জানান। ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আতিকুল ইসলামসহ নগরীর বিভিন্ন সেবা সংস্থার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
মেয়র সাঈদ খোকন বলেন, গত ২৭ মার্চ প্রথম ধাপে ধানমন্ডি-নিউমার্কেট-আজিমপুরে চক্রাকার বাস সার্ভিস চালু করা হয়েছে। এই রুটে এখন ১১টি বাস চলছে। আগামী কয়েকদিনের মধ্যে আরও ১৪টি বাস দেওয়া হবে।
এরই মধ্যে এই রুটে যাত্রীরা ব্যাপক সাড়া দিচ্ছেন। টিকিট কেটে বাসে উঠতে দেখা যায় যাত্রীদের।
উল্লেখ্য, সড়কে শৃঙ্খলা ফেরানোর লক্ষ্য নিয়ে শীতাতপনিয়ন্ত্রিত এসব বাস সকল শ্রেণির মানুষদের সুবিধার্থে নামানো হয়েছে। বাসগুলো পরিচালনা করবে বিআরটিসি।

