এবার অ্যাপল স্টোরেই আইফোনের ব্যাটারি বিস্ফোরণ




এবার অ্যাপল স্টোরে আইফোনের ব্যাটারি বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সুইজারল্যাণ্ডের জুরিখে ঘটা এ ঘটনায় একজন আহত হয়েছেন। এতে আহত হয়েছেন অ্যাপল স্টোরের এক মেরামতকারী।
জুরিখের ব্যানহফস্ট্রেস-এ মঙ্গলবার ব্যাটারি অতিরিক্ত গরম হয়ে বিস্ফোরণের ঘটনা ঘটে।
এ বিষয়ে জুরিখ পুলিশ জানায়, “অজানা কারণে হঠাৎ করেই ডিভাইসটি বিস্ফোরিত হয়, মঙ্গলবার একজন মেরামতকারী ব্যাটারিটি আলাদা করেছিলেন। এতে তার হাত কিছুটা পুড়ে গিয়েছে। আরও সাতজনকে তাৎক্ষণিক চিকিৎসা দেওয়া হয়, কিন্তু তাদেরকে হাসপাতালে পাঠানোর দরকার হয়নি।”
এ ঘটনায় তাৎক্ষণিকভাবে অ্যাপল স্টোর থেকে প্রায় ৫০ জন গ্রাহক ও কর্মীকে সরিয়ে নেওয়া হয় বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।
পুলিশের বিবৃতিতে বলা হয়, “কর্মীরা ভালো সাড়া দিয়েছেন এবং সঠিক কাজটি করেছেন। তারা অতিরিক্ত গরম হওয়া ব্যাটারির ওপর বালু দিয়ে চাপা দিয়েছেন যাতে ধোঁয়া কমে যায় এবং ‘ভেন্টিলেশন’ চালু করলে তা বাইরে বের হয়ে যায়।”
জুরিখ ফরেনসিক ইনস্টিটিউট এই দূর্ঘটনার কারণ পরীক্ষা করে দেখেছেন বলেও জানিয়েছে জুরিখ পুলিশ।