এবার করোনার আক্রমণ মিয়ানমারে, আক্রান্ত ২



এবার করোনার আক্রমণ মিয়ানমারে, আক্রান্ত ২

অবশেষে প্রথমবারের মতো মিয়ানমারেও থাবা বসিয়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত দেশটিতে দুইজনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। জানা গেছে, যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যফেরত দুজন ব্যক্তিই দেশটির প্রথম করোনা রোগী।

মিয়ানমারের স্বাস্থ্য মন্ত্রণালয় সোমবার (২৩ মার্চ) রাতে জানায়, আক্রান্ত দুজনের একজন ৩৬ বছর বয়সী এবং একজন ২৬ বছর বয়সী। তারা সাম্প্রতিক সময়ে কাদের সঙ্গে মিশেছেন, তাদের চিহ্নিত করার তৎপরতা শুরু হয়েছে।

করোনাভাইরাসের উৎপত্তিস্থল যে দেশে, সেই চীনের সঙ্গে মিয়ানমারের দীর্ঘ সীমান্ত রয়েছে। এমনকি দুদেশের মধ্যে ঘনিষ্ঠ বাণিজ্যিক সম্পর্কের কারণে উভয় দেশে তাদের নাগরিকদের অবাধ যাতায়াত ও যোগাযোগ রয়েছে। কিন্তু উহানে করোনা শনাক্ত হওয়ার পর থেকে দেশের সব প্রবেশপথে কড়াকড়ি আরোপ করে মিয়ানমার সরকার। তারই ফলে করোনাকে প্রায় তিনমাস ঠেকিয়ে রাখা গেছে বলে দাবি করে মিয়ানমার।

স্থানীয় সংবাদমাধ্যম জানায়, করোনার বিস্তাররোধে গত সপ্তাহে মিয়ানমার সব স্থলসীমান্ত বন্ধ করে দেয়। নিষেধাজ্ঞা জারি করে বৌদ্ধ ধর্মীয় নববর্ষসহ সার্বিক আচার-অনুষ্ঠানকেন্দ্রিক গণজমায়েতের ওপরও।