সম্প্রতি প্রাণঘাতী করোনাভাইরাস আক্রান্তে ৬০ টি দেশে মৃতের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলছে। এরই মধ্যে ভারতে নতুন করে আরও দুজন করোনাভাইরাস আক্রান্ত রোগী শনাক্ত করা হয়েছে।
তবে, নতুন আক্রান্ত হওয়া দুজনের শারীরিক অবস্থা স্থিতিশীল। তাদের নিবিড় পর্যবেক্ষণে রাখা হয়েছে। এর মধ্যে একজন দেশটির রাজধানী দিল্লিতে অন্যজন দক্ষিণের তেলেঙ্গানায়।
দেশটির সরকারের পক্ষ থেকে জানানো হয়, এখন পর্যন্ত ভারতে মোট পাঁচজন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছে। এর মধ্যে তিনজন আগেই শনাক্ত হয়েছে।
দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এনডিটিভির এক প্রতিবেদনে বলা হয়েছে, দিল্লিতে আক্রান্ত ব্যক্তি ইতালি থেকে এসেছেন। তেলেঙ্গানায় আক্রান্ত ব্যক্তি আমিরাতের দুবাই থেকে সম্প্রতি ভারত আসেন।
এর আগে গত ৩০ জানুয়ারি ভারতের দক্ষিণাঞ্চলীয় প্রদেশ কেরালায় এক শিক্ষার্থীর শরীরে প্রথমবারের মতো দেশটিতে করোনাভাইরাসে আক্রান্ত রোগী শনাক্ত করা হয়। এরপর ২ ফেব্রুয়ারি একই প্রদেশে এ ভাইরাসে আক্রান্ত দ্বিতীয় রোগী শনাক্ত করা হয়। দক্ষিণের এ প্রদেশটিতে ৩ ফেব্রুয়ারি আরেকজনের শরীরে করোনার উপস্থিতি পাওয়া যায়।

