এবার ফাঁসির স্থগিতাদেশ চেয়ে আন্তর্জাতিক আদালতে দণ্ডিতরা



এবার ফাঁসির স্থগিতাদেশ চেয়ে আন্তর্জাতিক আদালতে দণ্ডিতরা

আগামী ২০ মার্চ চার দণ্ডিতের ফাঁসি কার্যকর হওয়ার কথা। তার আগে আন্তর্জাতিক ন্যায় আদালতে গেল তিন দণ্ডিত।

এতদিন ফাঁসি কার্যকরের আগে দেশের কোনও আদালতে আবেদন করছিল। তার জেরে তিনবার মৃত্যু পরোয়ানা জারির পরও থমকে গিয়েছে ফাঁসি।

এবার ফাঁসি আটকাতে আন্তর্জাতিক ন্যায় আদালতে (আইসিজে) গেল নির্ভয়াকাণ্ডের তিন দণ্ডিত। সংবাদসংস্থা এএনআইয়ের খবর।

চতুর্থবার যে মৃত্যু পরোয়ানা জারি করা হয়েছিল, সেই অনুযায়ী আগামী ২০ মার্চ ভোর সাড়ে পাঁচটায় নির্ভয়াকাণ্ডের চার দণ্ডিতের ফাঁসি কার্যকর হবে। ইতিমধ্যে চারজনেরই প্রাণভিক্ষার আর্জি খারিজ করে দিয়েছেন ভারতের রাষ্ট্রপতি রামনাখ কোবিন্দ।

তবে সেই আর্জিতে সব তথ্য না থাকার দাবি জানিয়ে নতুন করে প্রাণভিক্ষার আর্জি জানিয়েছে নির্ভয়াকাণ্ডের এক দণ্ডিত অক্ষয় সিং ঠাকুর।

এরইমধ্যে ফাঁসিতে স্থগিতাদেশ চেয়ে দ্য হেগের আন্তর্জাতিক ন্যায় আদালতে গিয়েছে তিন দণ্ডিত – অক্ষয়, পবন গুপ্ত ও মুকেশ সিং।