এবারের বাজেট হবে পাঁচ লাখ কোটি টাকার উপরে:প্রধানমন্ত্রী


paperslife

শনিবার গণভবনে রাজনৈতিক নেতাদের সাথে ইফতারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ২০১৯-২০ অর্থবছরের বাজেট পাঁচ লাখ কোটি টাকার উপরে হবে বলে জানান।

ইফতার অনুষ্ঠানে জাতীয় সংসদের স্পিকার শিরীন শারমিন চৌধরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শেখ ফজলুল করিম সেলিম, জাতীয় পার্টির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জিএম কাদের, সিনিয়র কো-চেয়ারম্যান রওশন এরশাদ সহ আরও অনেকে উপস্থিত ছিলেন।

এসময় শেখ হাসিনা বলেন, আমি মনে করি, ক্ষমতা আমার কাছে ভোগের বস্তু নয়, ক্ষমতা হচ্ছে মানুষের সেবা করার একটা সুযোগ। সেই কথা চিন্তা করেই বাংলাদেশের মানুষের সেবা করে যাচ্ছি। এবং আমাদের  লক্ষ্য স্বাধীনতার সুফল বাংলাদেশের সব মানুষের কাছে পৌঁছে দেয়া।

তিনি আরও বলেন যে, প্রতিটি মানুষ উন্নত জীবন পাবে। আজকে ৯৩ ভাগ মানুষ বিদ্যুৎ পাচ্ছে। মানুষের জীবন মান উন্নত হয়েছে, দারিদ্র্যের হার ২১ ভাগে নামিয়ে এনেছি এবং হতদরিদ্রের হারও আমরা ১১ ভাগে নামিয়ে এনেছি। ইনশাল্লাহ বাংলাদেশে হতদরিদ্র বলে আর কেউ থাকবে না।

এছাড়াও, প্রধানমন্ত্রী আরও বলেন, ১৯৯৬ সালে যখন সরকার গঠন করি সেসময় বাজেট ছিল ৬১ হাজার কোটি টাকা। আজকে আমরা ৪ লক্ষ ৬৪ হাজার টাকার বাজেট দিয়েছিলাম। ইনশাল্লাহ এবারে যে নতুন বাজেট আমরা দিতে যাচ্ছি আগামী জুন মাসের ১৩ তারিখে সেই বাজেট ৫ লক্ষ কোটি টাকার উপরে হবে।

বাংলাদেশকে যেন সন্ত্রাস, জঙ্গিবাদ, মাদক ও দুর্নীতিমুক্ত একটি দেশ হিসেবে আমরা গড়তে পারি এ বিষয়ে সকলকে আহ্বান জানান। তিনি বলেন, এই ঈদও শান্তিপূর্ণভাবে হবে। আমাদের আইনশৃঙ্খলা রক্ষাকারী সংস্থা, গোয়েন্দা সংস্থা অত্যন্ত চমৎকারভাবে কাজ করছে। একদিকে তারা সন্ত্রাস ও জঙ্গিবাদ যেমন দমন করেছে অপরদিকে প্রতিটি উৎসবকে তারা উৎসবমুখর করেছে। এজন্য আমাদের র‌্যাব, পুলিশ, গোয়েন্দা সংস্থাসহ সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি।

এসময় প্রধানমন্ত্রী ঈদে দেশে থাকছেন না জানিয়ে দুঃখ প্রকাশের পাশাপাশি দেশবাসীকে অগ্রিম ঈদের শুভেচ্ছা জানান।