আজ ১৭ই এপ্রিল, ঐতিহাসিক মুজিবনগর দিবস। ১৯৭১ সালের আজকের এই দিনে মেহেরপুরের মুজিবনগরের বৈদ্যনাথ তলায় শপথ গ্রহণ করে স্বাধীন বাংলাদেশের প্রথম সরকার। এই দিনটি থেকেই শুরু হয়েছিলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের কার্যক্রম।
এ শপথ অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বের দরবারে আত্মপ্রকাশ করেছিলো বাংলাদেশ।
এ সরকার গঠনের পর থেকেই সে সময় সারা বাংলায় মুক্তিযুদ্ধের নেতৃত্ব এবং সারা পৃথিবীতে বাংলাদেশের স্বীকৃতি আদায় সবকিছুতেই এই সরকারের অবদান।
১৯৭১ এ পাকিস্তানী বাহিনীর বিমান হামলা যশোরের সবুজ প্রান্তর থেকে মেহেরপুর পর্যন্ত পৌছেছে। জাতির জনকের নির্দেশে সংগঠিত মুক্তিকামী বাঙালী প্রতিরোধ করেছে বিক্ষিপ্তভাবে অথবা সংগঠিত হয়ে।
আর এসবের মূল কার্যক্রম পরিচালনা করেছে মুজিবনগর সরকার। মুজিবনগর সরকারের নেতৃত্বে এদেশের মুক্তিকামী জনগন লড়াই করেছে শোষণের বিরুদ্ধে, নতুন অস্তিত্বের জন্য।
এ বিষয়ে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রথম মন্ত্রিপরিষদ সচিব এইচ টি ইমাম বলেন, ‘সে সময় সকলেই যুদ্ধ করেছে তাদেরকে জানানো দরকার যে বাংলাদেশ স্বাধীন রাষ্ট্র। এজন্য সিদ্ধান্ত হলো শপথ গ্রহণ করবেন এবং এই অনুষ্ঠানটি হতে হবে স্বাধীন বাংলার মুক্ত অঞ্চলে।’
সে সময় পাকিস্তানের কারাগারে বন্দি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান রাষ্ট্রপতি। তার অবর্তমানে সৈয়দ নজরুল ইসলাম অস্থায়ী রাষ্ট্রপতি এবং তাজউদ্দিন আহমেদ প্রধানমন্ত্রী হিসাবে নিযুক্ত হন। মুক্তিযুদ্ধের প্রধান সেনাপতি হিসেবে ঘোষণা করা হয় জেনারেল এম এ জি ওসমানীর কে।
এইচ টি ইমাম জানান, এ সময় পনেরোটি মন্ত্রণালয় ও বিভিন্ন বিভাগ নিয়ে যাত্রা শুরু করে এই সরকার। এবং একটি আধুনিক সরকারের যতকিছু করতে হয় তার সবকিছু এই সরকার করেছে।

