কফির বৈশ্বিক উৎপাদন পূর্বাভাস বাড়াল আইসিও



চলতি বছর কফির বৈশ্বিক উৎপাদন আগের প্রাক্কলনের তুলনায় বাড়বে। ইন্টারন্যাশনাল কফি অর্গানাইজেশনের (আইসিও) সাম্প্রতিক প্রতিবেদনে এ পূর্বাভাস দেয়া হয়েছে।
তবে এ সময় বিশ্বব্যাপী অ্যারাবিকা কফি উৎপাদন আগের প্রাক্কলনের তুলনায় বাড়লেও রোবাস্তার কমতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করেছে প্রতিষ্ঠানটি।
আইসিওর সাম্প্রতিক পূর্বাভাস অনুযায়ী, ২০১৭-১৮ মৌসুমে বৈশ্বিক কফি উৎপাদনের পরিমাণ দাঁড়াতে পারে ১৫ কোটি ৮৯ লাখ ৩০ হাজার ব্যাগে, যা প্রতিষ্ঠানটির আগের প্রাক্কলনের তুলনায় ১ লাখ ৫০ হাজার ব্যাগ বেশি। মৌসুমের শুরুতে দেয়া পূর্বাভাসে এ সময় বৈশ্ব্বিক কফি উৎপাদনের পরিমাণ ১৫ কোটি ৮৭ লাখ ৮০ হাজার ব্যাগ প্রাক্কলন করেছিল আইসিও।
২০১৭-১৮ মৌসুমে বিশ্বব্যাপী ৯ কোটি ৮৮ লাখ ৪০ হাজার ব্যাগ অ্যারাবিকা কফি উৎপাদনের পূর্বাভাস দিয়েছে আইসিও, যা প্রতিষ্ঠানটির আগের প্রাক্কলনের তুলনায় ১৫ লাখ ২০ হাজার ব্যাগ বেশি। মৌসুমের শুরুতে দেয়া পূর্বাভাসে এ সময় অ্যারাবিকা কফির বৈশ্ব্বিক উৎপাদনের পরিমাণ ৯ কোটি ৭৩ লাখ ২০ হাজার ব্যাগ প্রাক্কলন করেছিল আইসিও।
এবারের মৌসুমে রোবাস্তা কফির বৈশ্বিক উৎপাদন আগের প্রাক্কলনের তুলনায় ১৩ লাখ ৭০ হাজার ব্যাগ কমতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।