করোনাভাইরাসে মৃতের সংখ্যা প্রতিনিয়ত বেড়েই চলেছে। এখন পর্যন্ত এই ভাইরাসে চীন সহ অন্যান্য দেশ মিলে মৃতের সংখ্যা ২ হাজার ৪৫৮ জনে দাঁড়িয়েছে। মার্কিন গণমাধ্যম সিএনএন জানিয়েছে, শুধু মাত্র চীনেই করোনাভাইরাসে মৃতের সংখ্যা ২ হাজার ৪৪১ জন। চীনের বাইরে এই সংখ্যা ১৭ জন।
সেইসাথে এই ভাইরাসে আক্রান্ত রোগীর মোট সংখ্যা দাঁড়িয়েছে ৭৮ হাজার ৫৭২ জনে।
চীনের পর প্রাণঘাতী করোনাভাইরাসে এখন সবচেয়ে বেশি আতঙ্কে দক্ষিণ কোরিয়া। দেশটিতে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে। এখন পর্যন্ত দক্ষিণ কোরিয়ায় ৪৩৩ জনের শরীরে করোনাভাইরাসের উপস্থিতি নিশ্চিত করেছে দেশটির স্বাস্থ্য বিভাগ।
শনিবার (২২ ফেব্রুয়ারি) পর্যন্ত নিশ্চিতভাবে যে ৪৩৩ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন, তাদের ২৩১ জন রোগী শিনচিওঞ্জি সম্প্রদায়ের সদস্য। শুক্রবার (২১ ফেব্রুয়ারি) সরকার শিনচিওঞ্জি ধর্মীয় গোষ্ঠীর নয় হাজারেরও বেশি সদস্যকে পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত ঘরের মধ্যে থাকার নির্দেশ দিয়েছে।
এদিকে প্রাণঘাতী করোনাভাইরাসে ইরানে পাঁচজনের মৃত্যু এবং ২৮ জন এতে আক্রান্ত হওয়ায় দেশটিতে থাকা ৭শর বেশি নাগরিককে ফিরিয়ে নিতে ফ্লাইট পরিচালনা শুরু করেছে কুয়েত। শনিবার (২২ ফেব্রুয়ারি) কুয়েত এয়ারওয়েজ ও কুয়েত বার্তা সংস্থা (কুনা) এ তথ্য জানিয়েছে। দেশটির বার্তা সংস্থা জানিয়েছে, শনিবার প্রথম পাঁচটি ফ্লাইটে ১৩০ জন যাত্রী কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।
এর আগে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া করোনাভাইরাসে গত বুধবার (১৯ ফেব্রুয়ারি) মধ্যপ্রাচ্যের প্রথম দেশ হিসেবে ইরানে দুজনের মৃত্যু হয়। শুক্রবার (২২ ফেব্রুয়ারি) মৃত্যু হয় আরও দুজনের। পরে ইরানের মারকাজী প্রদেশের কেন্দ্রীয় শহর আরাকে শনিবার আরও এক করোনাভাইরাস আক্রান্ত ব্যক্তি মারা গেছেন। এ পর্যন্ত ইরানের রাজধানী তেহরান এবং কোম ও গিলান প্রদেশে প্রাণঘাতী এই করোনাভাইরাসে আক্রান্ত হওয়ার ঘটনা ঘটেছে।

