রাজধানীতে আয়কর মেলার দ্বিতীয় দিনে ৫৪৩ কোটি টাকার কর আদায় হয়েছে। রিটার্ন দাখিল করেছেন ৩৯ হাজার ৩৫১ জন করদাতা। এছাড়া কর সংক্রান্ত সেবা নিয়েছেন দেড় লাখেরও বেশি মানুষ।
আজ বৃহস্পতিবার রাতে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, করদাতা-সেবাগ্রহীতাদের পদচারণায় মুখর ছিল দ্বিতীয় দিনের আয়কর মেলা।
এদিন মেলায় ১ লাখ ৫৩ হাজার ২৮৭ জন কর সেবা গ্রহণ করেছেন। ৫৪৩ কোটি ৩০ লাখ ৮৭ হাজার ৮৫৭ টাকার আয়কর আহরণ হয়েছে। রিটার্ন জমা দিয়েছেন ৩৯ লাখ ৩৫১ হাজার করদাতা।
গতবছর আয়কর মেলার দ্বিতীয় দিনে ৫৩৩ কোটি ৬৯ লাখ ৮৭ হাজার ৩১২ টাকার কর আদায় হয়েছিল। রিটার্ন জমা দিয়েছিলেন ২০ হাজার ৬৫৭ কোটি টাকা। সেবা নিয়েছিলেন ১ লাখ ২৩ হাজার ৩৪৮ জন।
ঢাকাসহ ৫০টি জেলা ও সাতটি উপজেলাসহ সারা দেশের ৫৭টি স্পটে বৃহস্পতিবার আয়কর মেলা অনুষ্ঠিত হয়। এবছর ১ থেকে ৭ নভেম্বর ঢাকাসহ অন্যান্য বিভাগীয় শহরে সাত দিন, ৫৬টি জেলা শহরে চার দিন, তৃতীয়বারের মতো ৩৪টি উপজেলায় দুই দিন এবং ৭১টি উপজেলায় এক দিনের ভ্রাম্যমাণ আয়কর মেলা অনুষ্ঠিত হচ্ছে। মেলায় সকাল ১০টা থেকে বিকেল ৫টা পর্যন্ত নিরবচ্ছিন্নভাবে কর সেবা প্রদান করা হয়।
বুধবার রাজধানীর আগারগাঁওয়ে সপ্তাহব্যাপী এ মেলার উদ্বোধন করেন অর্থ প্রতিমন্ত্রী এ এ মান্নান।
