দেশে চলমান করোনা সংক্রমণের মধ্যেই এবার আক্রান্ত কৃষকের ক্ষেত থেকে ভূট্টা কেটে মাড়াই করে বাড়িতে তুলে দিলেন চুয়াডাঙ্গা জেলা পুলিশ।
জানা যায়, চুয়াডাঙ্গা সদর উপজেলার হাজরাহাটি গ্রামের ১৪ বছর বয়সী এক বালক করোনা আক্রান্ত। তাদের ছোট একটি ভূট্টাক্ষেত রয়েছে। কিন্তু কারোনা আক্রান্ত হওয়ায় কোনো শ্রমিক এসে তাদের ভূট্টা ক্ষেত থেকে কেটে দেয়নি।
চুয়াডাঙ্গা পুলিশ সুপার জাহিদুল ইসলাম এ খবর জানার পর তার নির্দেশে চুয়াডাঙ্গার অতিরিক্ত পুলিশ সুপার মো. কলিমুল্লাহ এর দিক নির্দেশনায় জেলা পুলিশের একটি টিম আজ বুধবার করোনারোগীর ক্ষেত থেকে ভূট্টা কেটে মাড়াই করে বাড়িতে ভূট্টা পৌঁছে দেওয়ার উদ্যোগ নেয়।
এ সময় ক্ষেত থেকে ভূট্টা কাটার কাজে অংশ নেন সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জিহাদ মোহাম্মদ ফখরুল আলম খান।
তিনি জানান, করোনা আক্রান্ত ছেলেটির বয়স মাত্র ১৪ বছর। সে মানিকগঞ্জ জেলার একটি ইটভাটাই শ্রমিক হিসেবে কাজ করত। সেখান থেকে ফেরার পর ধরা পড়ে সে করোনাভাইরাসে আক্রান্ত। এর পর থেকে তাকে সার্বিক সহযোগিতা করেছে পুলিশ। সে শ্রমিক পাচ্ছিল না বলে পুলিশ তার ক্ষেতের ভূট্টা কেটে মাড়াই করে তার ঘরে তুলে দিয়েছে।

