দেশে চলমান করোনা সংক্রমণের মধ্যে এবার গত ২৪ ঘণ্টায় পুলিশের আরও ৪০৯ জন সদস্য এই ভাইরাসে আক্রান্ত হয়েছেন। সেইসাথে এখন পর্যন্ত পুলিশে মোট আক্রান্ত হয়েছেন ৭ হাজার ২১ জন সদস্য।
মঙ্গলবার (৯ জুন) সকালে পুলিশের আক্রান্তের এই তথ্য আপডেট করা হয়েছে।
এ বিষয়ে পুলিশ সদর দফতর ও ডিএমপি সূত্রে জানা গেছে, চলমান করোনা যুদ্ধে এ পর্যন্ত বাংলাদেশ পুলিশে কর্মরত ও সংযুক্ত মোট ১৯ সদস্য মৃত্যুবরণ করেছেন। যার মধ্যে ১৮ জন পুলিশ কর্মকর্তা এবং বাকি ১ জন সিভিল কর্মকর্তা যিনি পুলিশে সংযুক্ত ছিলেন।
এছাড়াও করোনায় আক্রান্ত বাংলাদেশ পুলিশের সদস্যদের মধ্যে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) ১ হাজার ৮৫০ জন সদস্য আক্রান্ত হয়েছেন। সুচিকিৎসা ও সুনিবিড় পরিচর্যায় রোববার (৭ জুন) পর্যন্ত বাংলাদেশ পুলিশের ৩ হাজার ৪৯ জন সদস্য করোনা জয় করে সুস্থ হয়েছেন।
পুলিশে আজ পর্যন্ত মোট ২ হাজার ৯১৩ জন করোনার উপসর্গ নিয়ে আইসোলেশন ইউনিটে ভর্তি রয়েছেন। আক্রান্তদের সংস্পর্শে এসে কোয়ারেন্টাইনে রয়েছেন ৮ হাজার ৯০ জন পুলিশ কর্মকর্তা।
পুলিশ সদর দফতরের এআইজি (মিডিয়া) সোহেল রানা বলেন, ‘মাঠে নিয়োজিত সদস্যরা যেন স্বাস্থ্যবিধি মেনে চলতে ও সুরক্ষিত থাকতে পারেন, সেজন্য সচেতনতার পাশাপাশি সরকার নির্দেশিত স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হচ্ছে।

