এবার করোনা আক্রান্তদের আইসোলেশনের জন্য নিজের বাড়ি ছেড়ে দেয়ার কথা জানিয়েছেন দেশের জনপ্রিয় কণ্ঠশিল্পী নাজমুন মুনিরা ন্যান্সি।
গতকাল সোমবার (২০ এপ্রিল) এ বিষয়টি জানিয়েছেন ন্যান্সি।
ন্যান্সি জানান, নেত্রকোণায় নিজের একটি ডুপ্লেক্স বাড়ি আছে তার। সেই বাড়িটি করোনা রোগী কিংবা করোনা যোদ্ধাদের জন্য ছেড়ে দেয়ার সিদ্ধান্ত নিয়েছেন। যেহেতু বর্তমানে দেশ একটি কঠিন সময় পার করছে। তাই প্রশাসন জনস্বার্থে তাদের প্রয়োজন অনুযায়ী বাড়িটি ব্যবহার করতে পারে।
ন্যান্সি আরো বলেন, আমরা একটি যুদ্ধে অবতীর্ণ হয়েছি। এই যুদ্ধ কতদিন চলবে তা কেউ বলতে পারব না। দেশের মানুষ আজ অসহায়। খাদ্যের জন্য হাহাকার, সুচিকিৎসার অভাব।
এই দুঃসময়ে মানুষের পাশে দাঁড়ানো উচিত। শুধু বাড়ি না, আমার গাড়িটাও দিয়েছি এই মানবতার সেবায়। যতদিন না পরিস্থিতি স্বাভাবিক হবে ততদিন বাড়িটি করোনা যোদ্ধারা ব্যবহার করতে পারবেন।
এ বিষয়ে নেত্রকোণা জেলা প্রশাসক মঈনউল ইসলাম জানান, ন্যান্সির সাথে কথা হয়েছে তিনি কিভাবে বাড়িটি কাজে লাগাবেন তা আমাকে জানাবেন। আমি বলেছি, এই বাড়িটি করোনা যোদ্ধা চিকিৎসকদের থাকার জন্য কাজে লাগাতে পারেন।

