দেশের করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের আইসোলেশন হাসপাতাল হিসেবে বাছাই করা হয়েছে কুয়েত বাংলাদেশ মৈত্রী সরকারি হাসপাতাল।
রাজধানীর আবাসিক এলাকা উত্তরার ৬ নম্বর সেক্টরের ঈশা খাঁ রোডে কুয়েত জয়েন্ট রিলিফ কমিটির অর্থায়নে প্রতিষ্ঠিত এ হাসপাতালের সব রোগীকে সরিয়ে কভিড-১৯-এর জন্য প্রস্তুত করা হয়।
মূলত অন্য রোগীদের মধ্যে ভাইরাসটির বিস্তৃতি রোধে আইসোলেশন হাসপাতাল হিসেবে এটিকে বেছে নিয়েছে স্বাস্থ্য অধিদপ্তরের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠান (আইইডিসিআর)।
স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে জানা গেছে, হাসপাতালটিতে কভিড-১৯ রোগে আক্রান্ত রোগীদের জন্য ১৮০টি শয্যা প্রস্তুত রাখা হয়েছে। এর মধ্যে ২০টি বেড অত্যাধুনিক আইসিইউ সংবলিত। প্রয়োজনে শয্যার সংখ্যা আরো বাড়ানো হতে পারে।
প্রাথমিকভাবে করোনাভাইরাস সংক্রমিতদের জন্য কুর্মিটোলা জেনারেল হাসপাতালে আইসোলেশন ইউনিট চালু করে সরকার। পরবর্তী সময়ে বিশ্বব্যাপী করোনাভাইরাসের প্রকোপ বেড়ে গেলে বাড়তি সতর্কতা হিসেবে কুয়েত বাংলাদেশ মৈত্রী হাসপাতালটিকে বেছে নেয়া হয়।
স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (হাসপাতাল ও ক্লিনিক) ডা. মো. আমীনুল হাসান বলেন, আলাদা করে আইসোলেশন ইউনিট তো সব হাসপাতালে করার নির্দেশনা আছে। কিন্তু ঝুঁকিপূর্ণ রোগীদের জন্য একটি হাসপাতাল খালি করা দরকার ছিল। এতে তাদের কোয়ারান্টাইন করে চিকিৎসা দেয়া হলে ভাইরাস ছড়ানোর আশঙ্কা কম থাকবে।

