করোনা উপসর্গ না থাকলেও হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে বিদেশফেরতদের


abul kalam#paperslife

বিদেশফেরত যাত্রীদের মধ্যে করোনা ভাইরাসের লক্ষণ ও উপসর্গ না থাকলে তারা বাড়ি যেতে পারবেন। কিন্তু বাড়িতে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকার জন্য বলেন আশকোনা হজ ক্যাম্পে স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক আবুল কালাম আজাদ। শনিবার (১৪ মার্চ)  রাতে তিনি এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাড়িতে গিয়ে বিদেশফেরতদের পরিবারের অন্য সদস্যদের সংস্পর্শ এড়িয়ে চলতে হবে, এক রুমে আলাদা থাকতে হবে। আলাদা প্লেট ও গ্লাস ব্যবহার করতে হবে। কাপড়-চোপড়ও আলাদা করে ভালোভাবে ধুতে হবে। মূলত তারা অন্য মানুষ থেকে তিন ফুট দূরত্ব বজায় রাখবেন।

যেসব দেশে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব বেশি, সেসব দেশ থেকে কেউ এলেই তাদের আমরা এ ধরনের কোয়ারেন্টাইন কেন্দ্রে (হজ ক্যাম্পের মতো) নিয়ে আসবো। তারপর তাদের পরীক্ষা নিরীক্ষা করার পর করোনার উপসর্গ না থাকলে তারা বাড়ি ফিরতে পারবেন।

আমরা তাদের বাড়িতে যাওয়ার ব্যবস্থা করবো। তবে কেউই গণপরিবহনে যেতে পারবেন না। বাড়িতে গিয়ে তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে হবে। আমরা স্থানীয় প্রশাসনের মাধ্যমে নিশ্চিত করবো তারা যেন কোয়ারেন্টাইনের শর্ত পালন করেন।

আবুল কালাম বলেন, আর কারও যদি করোনার উপসর্গ থাকে, তাদের হাসপাতালে নিয়ে যাওয়া হবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।