করোনা উপসর্গে এবার সিলেটে নারায়ণগঞ্জ ফেরত ইমন আহমদ নামে এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে। শুক্রবার রাতে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
এ বিষয়ে স্বজনরা জানায়, প্রথমে মৌলভীবাজার বিভিন্ন হাসপাতালে নিয়ে গেলেও চিকিৎসা পাওয়া যায়নি।
নিহত পুলিশ সদস্য ইমন মৌলভীবাজার জেলার সদর উপজেলার ওলিপুর গ্রামের বাসিন্দা। তিনি ২০১৮ সালে বাংলাদেশ পুলিশে যোগদান করেন।
ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের উপ-পরিচালক হিমাংশু লাল রায় এ বিষয়ে গণমাধ্যমকে বলেন, ইমন জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত ছিলেন। তবে করোনা আক্রান্ত ছিলেন বলা যাচ্ছে না। কেননা, ঢাকায় টেস্ট করানোর পর তার নমুনা রিপোর্ট নেগেটিভ আসে।
ইমন নারায়ণগঞ্জ শিল্প পুলিশের কনস্টেবল পদে কর্মরত ছিলেন। সেখানে জ্বর, সর্দি, কাশিতে আক্রান্ত হলে তাকে হোম কোয়ারেন্টাইনে বাড়িতে পাঠানো হয়।

