ফিনল্যান্ডে করোনাভাইরাস সংক্রমণ ও মৃতের সংখ্যা নিয়ন্ত্রণে আছে বলে মনে করছেন দেশটির প্রধানমন্ত্রী সান্না মারিন। গত দুই সপ্তাহে দেশটিতে সংক্রমণ ও মৃত্যু-দুটোই কমেছে।
ফিনল্যান্ডে গত ১ মে থেকেই লকডাউন শিথিল হতে শুরু করেছে। প্রাথমিক স্কুলগুলো খুলে দেয়া হয়েছে। শিল্প-কারখানাগুলোও শুরু করেছে উৎপাদন। জানা গেছে, মন্ত্রণালয় ও সরকারি অফিস-আদালত যত তাড়াতাড়ি সম্ভব খুলে দেয়া হবে। বার ও রেস্তোরাঁ এবং ছোটখাটো সব হোটেলও ১ জুন থেকে চালু করা হবে।
তবে সংক্রমণ নিয়ন্ত্রণে রাখার স্বার্থে নাগরিকদের সামাজিক দূরত্ব রক্ষা করা, হাত ধোয়াসহ সব সতর্কতামূলক পদক্ষেপই মেনে চলতে বলেছে কর্তৃপক্ষ।
উল্লেখ্য, করোনা সংক্রমনে গত ২৫ ফেব্রুয়ারি ফিনল্যান্ডে একজনের মৃত্যু দিয়ে শুরু হয়েছিল। মঙ্গলবার ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড ওয়েলফেয়ারের বরাত দিয়ে ফিনল্যান্ডের রাষ্ট্রীয় বেতারমাধ্যম জানায়, গত ২৪ ঘণ্টায় দেশটিতে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন ১৯ জন এবং মৃত্যু হয়েছে একজনের।
মোট মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৩০১ জন। সরকারি হিসাবে দেশিটেতে এ পর্যন্ত এক লাখ ৫২ হাজার ৩০০ জনের করোনাভাইরাস সংক্রমণের পরীক্ষা করে ছয় হাজার ৩৯৯ জনের পজিটিভ পাওয়া গেছে।

