মা-বাবা থেকে করোনায় আক্রান্ত হয়েছিলেন তিনি। হাসপাতালে আসন খালি না থাকায় বাড়িতেই থাকছিলেন। এরপরই করোনা ছড়াতে ইচ্ছাকৃতভাবে শহরের কয়েকটি বারে ঘুরে বেরিয়েছেন জাপানের এক ব্যক্তি।
এ বিষয়ে জাপানি সংবাদমাধ্যম ফুজি নিউজ নেটওয়ার্ক (এফএনএন) জানিয়েছে, নিষেধাজ্ঞা সত্ত্বেও ওই যুবক উপকূলীয় এই শহরটির দুটি বার-এ ঘুরে বেড়ান। বাড়িতে থেকে বের হওয়ার সময় পরিবারের সদস্যদের বলে যান, ‘আমি এই ভাইরাস ছড়াতে যাচ্ছি।’
জাপানের আরেকটি সংবাদমাধ্যম টোকিও রিপোর্টারের তথ্যমতে, ৫০ বছর বয়সী ওই ব্যক্তি প্রথমে একটি ট্যাক্সিতে করে ইজাকায়া নামের একটি বারে (পাবস) যান। পরে সেখান থেকে পায়ে হেঁটে সোজা চলে যান ফিলিপিনো একটি বারে।
লোকটি সেখানে কয়েক ধরনের পানীয় পান ও খাবার গ্রহণ শেষে উপস্থিত অন্য কাস্টমারদের জানান, তিনি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন (টেস্ট পজিটিভ হয়েছে)।
পরে সেখানে উপস্থিত কর্মীরা স্থানীয় স্বাস্থ্য কর্তৃপক্ষকে ডেকে আনেন। এরপর পুলিশ আসে। কিন্তু লোকটি ততক্ষণে একটি ট্যাক্সি নিয়ে বাড়িতে চলে যান।
পরের দিন তাকে একটি চিকিৎসা কেন্দ্রে পাঠানো হয়েছে বলে জানা গেছে।

