করোনা জয় করে হারলেন সড়ক দুর্ঘটনায়


accident#paperslife

করোনাভাইরাসের বিপক্ষে লড়াই করে জিতলেও সড়ক দুর্ঘটনায় হারতেই হলো যশোরের মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল টেকনোলজিস্ট (ইপিআই) সাধনা মিস্ত্রীকে (৫০)।

সোমবার রাত পৌনে ১২টার দিকে খুলনা গাজী মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

মণিরামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) ডা. অনুপ কুমার বসু সাধনা মিস্ত্রীর মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা যায়, গত ২ এপ্রিল থেকে মণিরামপুরে করোনা পরীক্ষার নমুনা সংগ্রহের কাজ শুরু করেন সাধনা। ২৭ এপ্রিল তিনি জ্বরে আক্রান্ত হয়ে নিজেই নমুনা দেন। ২৯ এপ্রিল তার করোনা পজেটিভ রিপোর্ট আসে। ১৫ দিন হোম আইসোলেশনে থাকার পর ১৪ মে সুস্থ হন তিনি।

এরপর সোমবার দুপুরে মণিরামপুর থেকে কেশবপুর যাওয়ার পথে মোটরসাইকেল থেকে পড়ে তিনি গুরুতর আহত হয়েছিলেন।

নিহত সাধনা মিস্ত্রী বাগেরহাটের শরণখোলা উপজেলার রাজাপুর গ্রামের মৃত কমলেশচন্দ্র হালদারের স্ত্রী। তিনি চাকরিসূত্রে মণিরামপুর হাসপাতাল গেটে একটি ভাড়া বাসায় থাকতেন। গত ৪/৫ মাস আগে অসুস্থতাজনিত কারণে তার স্বামীর মৃত্যু হয়। এরপর থেকে একাই বসবাস করতেন ওই বাসায়।