করোনাভাইরাসের নতুন হটস্পট ল্যাটিন আমেরিকার দেশ ব্রাজিল। দেশটি ইতোমধ্যেই আক্রান্তের সংখ্যায় বিশ্বের দ্বিতীয় এবং মৃত্যুর হিসাবে তৃতীয় অবস্থানে চলে এসেছে।
তবে বিশেষজ্ঞরা বলছে, ব্রাজিলে আক্রান্ত-মৃতের প্রকৃত সংখ্যা কয়েকগুণ বেশি হবে।
করোনাভাইরাস নিয়ে এমন সমালোচনার কারণে ব্রাজিলের সরকার আর বিস্তারিত তথ্য প্রকাশ না করার সিদ্ধান্ত নিয়েছে বলে আজ রোববার সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।
ব্রাজিলিয়ান কর্তৃপক্ষ ঘোষণা দিয়েছে, এখন থেকে শুধু দৈনিক আক্রান্ত ও মৃত্যুর সংখ্যাই প্রকাশ করা হবে, আর কোনো বিস্তারিত তথ্য দেওয়া হবে না। মোট আক্রান্ত ও অঞ্চলভিত্তিক সংক্রমণের তথ্যগুলো দেশটির স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইট থেকে সরিয়ে নেওয়া হয়েছে।
প্রেসিডেন্ট জোইর বোলসোনারো এক টুইটে বলেছেন, ক্রমবর্ধমান তথ্য থেকে কোনো দেশের সর্বশেষ পরিস্থিতি বোঝা যায় না। তবে কেন সংক্রমণের তথ্য সরিয়ে নেওয়া হলো সে বিষয়ে বিস্তারিত কিছু জানাননি তিনি।
এর আগে, গত শুক্রবার লকডাউন তোলার বিষয়ে সমালোচনা করায় বিশ্ব স্বাস্থ্য সংস্থা ছেড়ে বেরিয়ে যাওয়ার হুমকি দিয়েছিলেন বোলসোনারো।
শুধু ব্রাজিলেই নয়, মেক্সিকো, পেরু, কলম্বিয়া, চিলি, বলিভিয়াতেও ব্যাপক হারে ছড়িয়ে পড়েছে সংক্রমণ। ইতোমধ্যেই ল্যাটিন আমেরিকার দেশগুলোতে সর্বমোট আক্রান্তের সংখ্যা ১১ লাখ ছাড়িয়েছে।

