ভারতে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৭২৪ জনে পৌঁছেছে। ইতোমধ্যেই করোনাজনিত কারণে ১৮ জনের মৃত্যু হয়েছে। আজ (শুক্রবার) সকাল পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়কে উদ্ধৃত করে বিভিন্ন গণমাধ্যমে ওই তথ্য জানানো হয়েছে।
করোনাভাইরাসের মোকাবিলায় দেশের বিভিন্ন রাজ্যের পরিস্থিতি জানতে এবং সেখানে কী কী ব্যবস্থা নেওয়া হচ্ছে তা নিয়ে আজ বিভিন্ন রাজ্যের রাজ্যপালদের সঙ্গে ভিডিও কনফারেন্স করেছেন প্রেসিডেন্ট রামনাথ কোবিন্দ। তিনি আজ সকাল ১০ টায় মহারাষ্ট্র, কেরালা, কর্নাটক, হরিয়ানার রাজ্যপাল এবং দিল্লির উপরাজ্যপালের সঙ্গে বৈঠক করে পরিস্থিতি খতিয়ে দেখেন।
অন্যদিকে, করোনাভাইরাসের মোকাবিলা করতে সার্ক গোষ্ঠীভুক্ত দেশগুলো যাতে সম্মিলিতভাবে একটি সংযুক্ত ও সাধারণ ই-মঞ্চ গঠন করে সেজন্য কেন্দ্রীয় সরকার প্রস্তাব দিয়েছে। ভারত ছাড়াও বাংলাদেশ, আফগানিস্তান, ভুটান, মলদ্বীপ, নেপাল, পাকিস্তান এবং শ্রীলঙ্কা রয়েছে সার্ক-এর গোষ্ঠীতে। করোনার মতো মহামারীর মোকাবিলায় নিজেদের অভিজ্ঞতা আদান-প্রদানের কথা বলেছে ভারত।
আজ কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের এক কর্মকর্তা গণমাধ্যমকে অবহিত করার সময় বলেন, দেশে মেডিকেল সরঞ্জামের যাতে কোনও ঘাটতি না হয় তা নিশ্চিত করার জন্য একটি জাতীয় টাস্কফোর্স গঠন করা হয়েছে।
অন্যদিকে, কেন্দ্রীয় স্বরাষ্ট্রসচিব রাজীব গৌবা রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলোকে চিঠি দিয়ে সতর্ক করে বলেছেন, আন্তর্জাতিক পর্যটকদের দিকে ঠিকমত নজরদারি হচ্ছে না, তাঁদের মাধ্যমে দেশে করোনা সংক্রমণ আরও ছড়িয়ে পড়তে পারে।
।

