করোনা আতঙ্কে সংক্রমণ এড়াতে কিছুদিন বাড়িতে থেকে নামাজ পড়তে অনুরোধ জানিয়েছে রাজধানীর সায়েন্সল্যাব স্টাফ কোয়ার্টারের বিসিএসআইআর কেন্দ্রীয় জামে মসজিদ। মাইকে ঘোষণা দিয়ে কোয়ার্টারের বাসিন্দাদের প্রতি এই অনুরোধ জানানো হয়।
করোনা ভাইরাসে যাতে কেউ আক্রান্ত না হন সেই সতর্কতার জন্য কোয়ার্টারের স্টাফদের মসজিদে না আসতে অনুরোধ করা হয়েছে।
এরপর মসজিদটিতে মাগরিবের নামাজের সময় দেখা গেছে, অল্পকিছু সংখ্যক স্থানীয় বাসিন্দা ও স্থানীয় দোকানদার ও কর্মচারী জামাতে অংশ নেন।
নিষেধ করার কারণটি উল্লেখ করেন মসজিদের খাদেম ও মুয়াজ্জিন আরিফুল ইসলাম। বললেন, বাইরের লোকজনকে তো নিষেধ করা যায় না। তাই স্টাফদের বলা হয়েছে যেন একটা সাইড অন্তত সেভ থাকে। কখন কী হয় বলা তো যায় না।
প্রসঙ্গত মঙ্গলবার (১৭ মার্চ) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিদেশফেরত ব্যক্তি, করোনার লক্ষণযুক্ত ব্যক্তি এবং জ্বর-হাঁচি-কাশিতে আক্রান্ত ও অসুস্থ ব্যক্তিদের মসজিদে না যাওয়াসহ জনসমাগম পরিহারের পরামর্শ দিয়েছে ইসলামিক ফাউন্ডেশন।
ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক আনিস মাহমুদ বলেন, ‘বিশ্বের বিভিন্ন দেশে করোনা ভাইরাস মহামারি আকার ধারণ করায় দেশে একটি বিশেষ অবস্থা বিরাজ করছে। আন্তর্জাতিক ফ্লাইট বন্ধসহ অভ্যন্তরীণ যোগাযোগ সীমিত করা হয়েছে।
জনসমাগম পরিহারের নির্দেশ প্রদান করা হয়েছে। গুজব-আতঙ্ক ও বিভ্রান্তি ছড়ানোর মাধ্যমে জনমনে ভীতির সঞ্চার করা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হয়েছে।’
এছাড়াও একইদিনে সৌদি আরবের সংবাদ সংস্থা এসপিএ নিশ্চিত করেছে, করোনা ভাইরাস মোকাবিলায় সৌদি আরবে মসজিদে হারাম ও মসজিদে নববী ছাড়া সব মসজিদে নামাজ স্থগিত করেছে দেশটি।

