পরিবারের সবাই চিকিৎসক। তবে তিনি ছেড়েছিলেন এই মহান পেশা। যোগ দিয়েছিলেন রাজনীতিতে। রাজনীতির মাঠের সাফল্য তাকে বানিয়েছে প্রধানমন্ত্রী।
বলছি লিও ভারাদকা’র কথা। এখন তিনি আয়ারল্যান্ডের প্রধানমন্ত্রী। প্রধানমন্ত্রী হলে কি হবে, এখনো তিনি তার সেই পুরোনো পেশার মায়া কাটাতে পারেননি।
আর তাইতো গোটা বিশ্বে করোনা মহামারীর ভয়াবহতা দেখে আবারও গায়ে জড়িয়েছেন এপ্রোন। অবশ্য প্রধানমন্ত্রিত্ব ছেড়ে নয়।
চিকিৎসক হিসেবে নিজের নাম আবার নিবন্ধিত করেছেন। প্রতি সপ্তাহে তিনি এক শিফটে করোনা রোগীদের সেবা দেবেন বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী কার্যালয়ের এক মুখপাত্র।
সাত বছর ধরে চিকিৎসা পেশায় ছিলেন ভারাদকা। ডাবলিনের সেন্ট জেমস হাসপাতাল ও কনোলি হাসপাতালের জুনিয়র চিকিৎসক ছিলেন। ২০১৩ সালে চিকিৎসকের নিবন্ধিত তালিকা থেকে নাম মুছে রাজনীতি শুরু করেন।
সুত্র- বিবিসি

