করোনা সন্দেহে মাসহ লাশ ফেলে যাওয়া সেই বাস আটক



করোনা সন্দেহে মাসহ লাশ ফেলে যাওয়া সেই বাস আটক

করোনায় আক্রান্ত সন্দেহে এক ব্যক্তির লাশ এবং তার মাকে সড়কের পাশে ফেলে যাওয়ার ঘটনায় দূরপাল্লার আহাদ পরিবহনের সেই বাসটি জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (১২ মে) রাতে জয়পুরহাটের পাঁচবিবি থানা পুলিশ বাগজানা এলাকা থেকে বাসটি জব্দ করেছে। তবে বাসের চালক ও সহকারীকে আটক করতে পারেনি।

জানা গেছে, নওগাঁর ধামইরহাট উপজেলার জাহানপুরের বাসিন্দা মিজানুর রহমান তিন চারদিন আগে ঢাকায় যান কোমরের ব্যথার চিকিৎসা করাতে।

সেখানে একটি গার্মেন্টসে চাকুরী করেন তার স্ত্রী। চিকিৎসা শেষে মাকে নিয়ে ঢাকার বিশ মাইল থেকে ২ হাজার টাকা চুক্তিতে সোমবার রাতে তিনি আহাদ পরিবহনের একটি বাসে করে জয়পুরহাটে রওয়ানা দেয়।

পথিমধ্যে মিজানুর রহমান মারা যান। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত হওয়ার পর রাতের অন্ধকারেই জয়পুরহাট-বগুড়া মহাসড়কের হিচমী বাজারে মাসহ ছেলের লাশটি ফেলে দিয়ে চলে যায় আহাদ পরিবহনের চালক ও হেলপার।

এরপরই স্থানীয়রা জানতে পেরে স্থানীয় প্রশাসন ও স্বাস্থ্য বিভাগকে খবর দেয়। পরে নিহত ব্যক্তির নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানোর পর ধামইরহাটে পাঠিয়ে দেয় উপজেলা প্রশাসন।

এদিকে, পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনছুর রহমান আহাদ পরিবহনের বাসটি জব্দ করার সত্যতা নিশ্চিত করে বলেন, আহাদ পরিবহনের বাসটি থানায় আনা হয়েছে। বাসের চালক ও সহকারী পলাতক থাকায় তাদের আটক করা যায়নি।