নভেল করোনাভাইরাস আতঙ্কে ৩০ দিনের জন্য সীমান্ত বন্ধ করে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ)। করোনাভাইরাস সংক্রমণে ইইউভুক্ত ইতালি ও স্পেনে মৃত্যুর সংখ্যা বাড়তে থাকার মুখে এ সিদ্ধান্ত নেওয়া হল।
ইইউয়ের ২৬টি সদস্য রাষ্ট্রের পাশাপাশি আইসল্যান্ড, লিচেনস্টাইন, নরওয়ে ও সুইজারল্যান্ডও এই সিদ্ধান্ত অনুসরণ করবে বলে ধারণা করা হচ্ছে। তবে যুক্তরাজ্যের নাগরিকদের ক্ষেত্রে এই সিদ্ধান্ত প্রযোজ্য হবে না।
ইইউ দেশগুলোর অন্তর্ভুক্ত নয় এমন সব দেশের নাগরিকরা এই ভ্রমণ নিষেধাজ্ঞার আওতায় পড়বেন। তারা ওই ৩০ দিন ইইউ ব্লকের দেশগুলোতে প্রবেশ করতে পারবেন না। তবে ইইউভুক্ত দেশগুলোতে দীর্ঘদিন ধরে বাস করা লোকজন, ইইউয়ের নাগরিকদের পরিবারের সদস্য ও কূটনীতিকরা, সীমান্ত ও স্বাস্থ্যসেবা কর্মী এবং পণ্য পরিবহনে নিয়োজিত লোকজন এই নিষেধাজ্ঞার আওতার বাইরে থাকবে।
যুক্তরাজ্য ও রিপাবলিক অব আয়ারল্যান্ডকে এই পদক্ষেপের অংশ হওয়ার আমন্ত্রণ জানানো হবে। এর মধ্যে আয়ারল্যান্ড ইইউয়ের অংশ হলেও ইউরোপের মুক্ত-সীমান্তের শেনজেন অঞ্চলভুক্ত নয়।
প্রাদুর্ভাব পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টায় মঙ্গলবার থেকে কঠোর ‘অবরুদ্ধ’ দশা শুরু করেছে ফ্রান্স।
বিশ্বজুড়ে সাত হাজার ৫০০ লোকের জীবন নেওয়া ভাইরাসটিতে ইউরোপ বিপর্যস্ত হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ইউরো ২০২০ ফুটবল প্রতিযোগিতা এক বছরের জন্য স্থগিত করা হয়েছে।

