এবার করোনাভাইরাসে আক্রান্ত এক কর্মীর কারণে দক্ষিণ কোরিয়াভিত্তিক বিশ্বের শীর্ষ স্মার্টফোন নির্মাতা প্রতিষ্ঠান স্যামসাংয়ের কারখানা সাময়িক সময়ের জন্য বন্ধ করে দেয়া হয়েছে। দক্ষিণ কোরিয়ার দক্ষিণ-পূর্বাঞ্চলীয় শহর গুমিতে অবস্থিত ওই কারখানায় স্মার্টফোন ফোন তৈরি করা হতো।
বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন অনুযায়ী, আজ শনিবার স্যামসাং ইলেকট্রনিক্স কর্তৃপক্ষ এ তথ্য জানিয়ে বলেছে, গুমির ওই কারখানাটি আগামী সোমবার সকাল পর্যন্ত বন্ধ থাকবে। এদিকে দক্ষিণ কোরিয়ায় করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা একদিনে দ্বিগুণ হয়েছে। দেশটিতে তিন মৃত্যু ছাড়াও মোট আক্রান্ত রোগী এখন ৪৩৩ জন।
করোনা আক্রান্ত ওই কর্মীর সংস্পর্শে অন্য যেসব কর্মী এসেছেন তাদের সবাইকে ‘সেলফ-কোয়ারেন্টাইনে’ থাকার আহ্বান জানিয়েছে স্যামসাং কর্তৃপক্ষ। এছাড়া যাদের মধ্যে সংক্রমিত হওয়ার সম্ভাবনা আছে তাদের সবার শারীরিক পরীক্ষা করা হচ্ছে। চীনের পর দক্ষিণ কোরিয়ায় সবচেয়ে বেশি করোনাভাইরাস আক্রান্তের ঘটনা ঘটেছে।

